ভরতি হতে না পারায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের

স্টাফ রিপোর্টার, কলকাতা: হাওড়ার শিবপুর দীনবন্ধু ইন্সটিটিউশনে ভরতি হতে পারেননি তাঁরা৷ তাই দীনবন্ধু ইন্সটিটিউশনের সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা৷ কিন্তু, সেখানে কোনও সদুত্তর না পেয়ে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল ওই কলেজে ভরতি না হতে পারা পড়ুয়ারা৷

শুক্রবার দুপুর ২টো নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান দ্বারের সামনে জমায়েত করেন হাওড়া থেকে আগত ওই পড়ুয়ারা৷ এই বিক্ষোভে সামিল এক ছাত্র বলেন, ‘‘ভরতি প্রক্রিয়াতে অস্বচ্ছতার ফলে একটা বড় অংশের ছাত্র-ছাত্রী ভরতি হতে পারেনি৷ অনেকের মেধাতালিকায় নাম ছিল৷ কিন্তু, কাউন্সেলিং-এর সমস্যা হয়েছিল৷ এখন তাঁরা আর ভরতি হতে পারছে না৷ তাই শিবপুর দীনবন্ধু ইন্সটিটিউশনের মেধাতালিকায় নাম ছিল অথচ, ভরতি হতে পারেনি এমন কিছু পড়ুয়া আজ এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন৷’’

বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়কে তাঁদের ভরতির ব্যবস্থা করতে হবে৷ এই দাবি নিয়ে একটি স্মারকলিপীও উপাচার্যকে জমা দিতে যান বিক্ষোভকারীরা৷ কিন্তু, উপাচার্য ব্যস্ত থাকায় সহ উপাচার্য দীপক করের হাতে তুলে দেওয়া হয় এই স্মারকলিপী৷ সহ উপাচার্য বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন ওই পড়ুয়াদের৷

ভরতি হতে না পারা এক পড়ুয়া পাপিয়া বলেন, ‘‘আমাদের দীনবন্ধু ইন্সটিটিউশনের মেধাতালিকায় নাম উঠেছে৷ কিন্তু, আমাদের কাউন্সেলিং হয়নি৷ ভরতির প্রথম তালিকায় আমাদের নাম আসেনি৷ দ্বিতীয় তালিকাতেও নাম আসেনি৷ আমাদের বলা হয়েছিল, যাদের যাদের নাম আসেনি তাঁদের নাম দিয়ে একটি তৃতীয় তালিকা প্রকাশ করা হবে৷ কিন্তু, কাল হবে, আজ হবে করে ওরা আমাদের ঘোরাচ্ছে৷’’

তিনি জানাচ্ছেন, তাঁদের সকালের কলেজের জন্য ফর্ম পূরণ করতে বলা হয়৷ সেই ফর্মের অপেক্ষায় সারাদিন বসে থাকার পর মাত্র ১৫ মিনিটের জন্য আবেদন করার লিঙ্ক খুলেই তা বন্ধ করে দেয় কলেজ৷ ফলে, কলেজে ভরতি হওয়ার সময় পার হয়ে গেলেও ভরতি হতে পারেননি এই পড়ুয়ারা৷

পাপিয়া জানিয়েছেন, তাঁরা একটি মাত্র কলেজেই ভরতির জন্য আবেদন করেছিল৷ সেই কলেজে ভরতি হতে না পেরে এখন তাঁদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ বুধবার ভর্তির শেষ দিন ছিল। ওইদিন ভরতির জন্য কলেজে গেলে কলেজের তরফ থেকে জানানো হয় কোনও আসন ফাঁকা নেই৷ কলেজের কথায় ক্ষুব্ধ পড়ুয়ারা ওইদিন প্রায় দুই ঘন্টা জিটি রোড আটক করে বিক্ষোভ দেখান৷

পরে পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয়৷ বৃহস্পতিবার ফের জিটি রোড অবরোধ করেন পড়ুয়ারা৷ কিন্তু, কোনও কিছু করেই সদুত্তর না মেলায়, শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা৷ জানা গিয়েছে, গোটা বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে৷

The post ভরতি হতে না পারায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ujTOZS
via IFTTT

Comments