২১-এর জের! ১৫ টাকার অটো ভাড়া ছুঁল ৬০

পিকসি মিত্র, কলকাতা: রোজের মতো আজও নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছনোর জন্য আমি বাড়ি থেকে বেরোই৷ বিধাননগর স্টেশন থেকে আমার অফিসের পথ অনেকটাই৷ রোজই ছোটখাটো সমস্যার মুখে পড়তে হয় আমার মত নিত্যযাত্রীদের৷ কিন্তু শনিবার যে সমস্যার মুখে পড়লাম, তাতে আমি বা আমরা হতবাক৷ বিধাননগর থেকে পুর্তভবনের অটো, মাথা পিছু ভাড়া ৬০! হ্যাঁ, ঠিকই শুনছেন, শনিবার মানে ২১ জুলাই অটো ভাড়া ছিল আকাশচুম্বি, দ্বিগুন ছাড়িয়ে যা মধ্যবিত্তের সীমার বাইরে চলে যায়৷ কারণ জানতে চাইলে, মুখের উপর জবাব, ২১ জুলাই, অফিসের জন্য অটো পাওয়া যাচ্ছে এই অনেক৷

লাইন লম্বা৷ আমার সহযাত্রী বা আমিও বেশ তাড়ায়৷ অফিস পৌঁছতেই হবে সময়ে৷ অগত্যা, ১৫ টাকার পথ ৬০ টাকাতেই এলাম৷ কার্যত আসতে বাধ্য হলাম৷ বাসে পা দেওয়ার জায়গা নেই, অটোর গতিই অফিসে সময় মতো নিয়ে যাবে৷ তাই মেনে নিলাম অটো ইউনিয়নের দৌরাত্ম্য৷ আবার, ঠিক এই শহরেই৷ কারণ হিসেবে জ্বলজ্বল করছে ২১-এর সমাবেশ৷ খুব সকালে চিত্রটা এতটা খারাপ ছিল না৷ জানলাম, ৩০ থেকে ৫০ এর মধ্যেই ভাড়া ওঠা নামা করছিল৷ কিন্ত, সময় বাড়ার সঙ্গে সঙ্গেই নাকি ভাড়াও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে৷

২১-সমাবেশে সরকারি দফতর বন্ধ থাকলেও খোলা বেসরকারি অফিস৷ আমিও বেসরকারি কর্মী৷ সেক্টর ফাইভের তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতই৷ তাঁদের প্রত্যেকেই আমার মত বা আমার থেকে বেশি ভাড়া দিতে হয়েছে৷ আমারই এক সহকর্মী গৌতমী সেনগুপ্তকেও এদিন অফিস আসতে গিয়ে একই সমস্যার মধ্যে পড়তে হয়৷ শুধু তাই নয়, যারা কলেজ মোড় বা এসডিএফ যাবেন তাদেরকেও এই একই সমস্যা পোহাতে হচ্ছে৷ অটোচালকরা ১০০ টাকা চাইতেও পিছুপা হচ্ছে না৷

আর অটোর এই বেপরোয়া ভাড়া চাওয়াতে মধ্যবিত্তের পকেটে পড়েছে ব্যাপক টান৷ স্বভাবতই রোজের যাতায়াতের জন্য প্রতিটি মানুষই নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে রাস্তায় বেরোন৷ আর তারমধ্যে যদি এমন আকাশচুম্বি ভাড়া চাওয়া হয় সেক্ষেত্রে সব থেকে বেশি সমস্যায় পড়েন মধ্যবিত্তরাই৷ এমন একটি ঘটনারও সাক্ষী হয়ে রইলাম আমি৷ কোনও উপায় না দেখে আমাকেও ৬০ টাকা অটো ভাড়া দিয়ে আসতে হল৷ কিন্তু অটোটি সিটি সেন্টারের কাছে পৌঁছতেই এক স্কুল ছাত্রী করুণাময়ী যাওয়ার জন্য ওঠেন৷ অটোচালক তাকে জানান, সিটি সেন্টার থেকে করুণাময়ী যেতে ৪০ টাকা ভাড়া লাগবে৷ ওই ছাত্রী এত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে তাকে বলা হয় ‘আজ ভাড়া বেশি৷’ ওই ছাত্রীর কাছে ওতো টাকা না থাকায় সে মাঝ পথেই অটো থেকে নেমে যায়৷

২১-এর সমাবেশের কারণে এদিন বাস কম থাকবে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল৷ সকাল থেকে যানজটও শুরু হয়েছে মহানগরীতে৷ কিন্তু এই সুযোগেই যাত্রীদের একেবারে লুটেপুটে নিল বিধাননগর অটোচালকরা৷

The post ২১-এর জের! ১৫ টাকার অটো ভাড়া ছুঁল ৬০ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2O87hMj
via IFTTT

Comments