ইসরোর বিশেষ প্রযুক্তি কিনতে আগ্রহী ১৩৭টি সংস্থা

নয়াদিল্লি: ই-ভেইকল প্রযুক্তিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে এক বিশেষ কনফারেন্সের আয়োজন করেছিল ইসরো। সেখানে একাধিক সংস্থার সামনে তুলে ধরা হয়েছে ই-ভেইকলের ব্যাটারির বিশেষ প্রযুক্তি, যা তৈরি করেছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। আর সেই হাই-পাওয়ার্ড লিথিয়াম-আয়ন ব্যাটারির প্রযুক্তিতে উৎসাহ দেখিয়েছে মোট ১৩৭টি সংস্থা।

ইসরোর চেয়ারম্যান কে সিভান বলেন, ”১৩৭টি সংস্থার সামনে প্রযুক্তিটি তুলে ধরা হয়েছে। আর তাতে উৎসাহ দেখিয়েছে সবকটি সংস্থা। ইসরোর আমন্ত্রণেই এসেছিল সংস্থাগুলির প্রতিনিধিরা।” ব্যাটারিটি কীভাবে তৈরি করা হয়েছে, সেটাও দেখানো হয়েছে ওই কনফারেন্সে।

সিভান আরও জানান, পুরো বিষয়টা দেখার পর যদি কোনও সংস্থা একসঙ্গে প্রচুর পরিমাণ ব্যাটারি তৈরি করতে সক্ষম হয়, তাহলে ওই সংস্থাকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সঙ্গে একটি আবেদনপত্র ও নিরাপত্তা বাবদ চার লক্ষ টাকা জমা দিতে হবে। সরকারি প্রতিনিধি সহ একটি উচ্চস্তরের কমিটি গঠন করা হবে, যারা সব আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। বেছে নেওয়া হবে কয়েকটি সংস্থাকে। এরপর প্রযুক্তির জন্য এক কোটি টাকা দিতে হবে ইসরোকে। তিনি আরও জানিয়েছেন যে কোনও বিদেশি সংস্থাকে ওই প্রযুক্তি দেবে না ইসরো।

ই-ভেইকলের জন্য ইসরোর তৈরি করা 50Ah ও 100Ah-এর এই ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের গ্রিন ভেইকল প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে ইসরোর এই অবদান প্রাসঙ্গিক। এই লিথিয়াম-আয়ন ব্যাটারি মোবাইল, ল্যাপটপ বা ক্যামেরাতেও ব্যবহার করা হয়।

The post ইসরোর বিশেষ প্রযুক্তি কিনতে আগ্রহী ১৩৭টি সংস্থা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Nq7vNW
via IFTTT

Comments