”কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল থাকলে, জিন্নার ছবি নয় কেন?”

নয়াদিল্লি: আলিগড় ইউনিভার্সিটিতে জিন্নার ছবি লাগানোয় কোনও সমস্যা নেই। সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গে এমনটাই উত্তর দিলেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তাঁর মতে, ”কলকাতায় যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল থাকতে পারে, তাহলে আলিগড় বিশ্ববিদ্যালয়ে জিন্নার ছবিতে কীসের আপত্তি?” সম্প্রতি ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন হামিদ আনসারি।

পাশাপাশি, দেশ জুড়ে সংখ্যালঘুদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ধর্মীয় পরিচয়ের প্রাধান্য পাওয়ার বিষয়টা তাঁকে ভাবাচ্ছে। তিনি বলেন, এই পথেই যদি ভারত এগোয়ে তাহলে তিনি যে দেশে বড় হয়েছেন, সেটা আর থাকবে না।

আলিগড় ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চান্সেলর হামিদ আনসারি। সম্প্রতি, এই আলিগড়েই পাকিস্তানের জনক জিন্নার ছবি নিয়ে বিতর্ক তৈরি হয় দেশ জুড়ে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে হামিদ আনসারি বলেন, ”বিভিন্ন ব্যক্তিত্বকে সম্মান প্রদান করা বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রথা। প্রথমেই সম্মান জানানো হয়েছিল গান্ধীজিকে। যাঁদেরকেই সম্মান জানানো হয়েছে, তাঁদেরই ছবি টাঙানো আছে বিশ্ববিদ্যালয়ে।” তিনি জানান, এই তালিকায় রয়েছেন মোরারজি দেসাই, মাদার টেরেসা, আব্দুল গফ্ফর খান প্রমুখ। জিন্নাকেও এই বিশ্ববিদ্যালয়ে সম্মান জানানো হয়েছিল, তাই তাঁর ছবিও সেখানে আছে বলে উল্লেখ করেন তিনি।

হামিদ আনসারি আরও জানান, দেশভাগের অনেক আগে ১৯৩৮-এ ওই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন মহম্মদ জিন্না। তিনি বলেন, বিভিন্ন জায়গায় আজও ব্রিটিশ ভাইসরয়দের পাথুরে টেবিল রয়েছে। সেসব কী কেউ ভেঙে দিচ্ছে? তাঁর দাবি, কোনও স্থাপত্য বা ছবি ধবংস করা ভারতীয়দের ঐতিহ্য নয়। সেইজন্যই কলকাতায় রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বিভিন্ন হাইকোর্টে রয়েছে ব্রিটিশ চিফ জাস্টিসদের ছবি। পাকিস্তানেও অনেক জায়গায় গান্ধী বা নেহরুর ছবি আছে বলেও উল্লেখ করেছেন তিনি।

মহম্মদ আলি জিন্নার ছবি সরানো নিয়ে বিতর্ক চলাকালীনই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা প্রাক্তন উপরাষ্ট্রপতি ড. হামিদ আনসারিকে টার্গেট করেছিল বলে জানিয়েছিল ছাত্ররা৷ তাঁকে লাঞ্ছনা করতেই হিন্দু যুবা বাহিনী হামলা চালানোর চেষ্টা করেছিল বলেও জানা গিয়েছিল৷ যদিও সংগঠনটি এই দাবি অস্বীকার করে৷ প্রাক্তন উপরাষ্ট্রপতির সেইসময় ছিলেন ক্যাম্পাসের গেস্ট হাউসে৷

The post ”কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল থাকলে, জিন্নার ছবি নয় কেন?” appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ulVOkh
via IFTTT

Comments