”ভারত-পাক সম্পর্কের সবথেকে অবনতি হয়েছে মোদী ক্ষমতায় আসার পর”
ইসলামাবাদ: ভারত-পাক সম্পর্ক খারাপ হওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ইমরান খান। বললেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরই নাকি, ভাতর-পাক সম্পর্কের সবথেকে বেশি অবনতি হয়েছে। নির্বাচনের মাত্র তিনদিন আগে এক ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা বলেন ইমরান। মোদী সরকারকে ‘কট্টরপন্থী’ বলেও উল্লেখ করেন তিনি।
এতদিন ভারতের সঙ্গে শান্তি স্থাপনে ব্যর্থ হওয়ার জন্য নওয়াজ শরিফকে বারবার দুষেছেন তিনি। তবে, এদিন বললেন পাকিস্তান নাকি সর্বোতভাবেই চেষ্টা চালিয়েছিল। এব্যাপারে পাকিস্তানকে ফুল মার্কস দিতে রাজি তিনি। তাঁর কথায়, ”কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদী পাকিস্তানকে বলির পাঁঠা বানিয়ে রেখেছেন।”
ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক ভাল করতে চান, একথাও জানিয়েছেন পাক নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী ইমরান। সমীক্ষা বলছে, এগিয়ে থাকবে তাঁর দলই। সেক্ষেত্রে প্রাক্তন এই ক্রিকেটারের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিন সক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক ভাল হলে, বাণিজ্য বাড়বে। তাতে দু’দেশেরই লাভ হবে।’ অন্যদিকে, পাকিস্তান যে দেউলিয়া হয়ে গিয়েছে, সেকথা আগেই উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বর্তমানে পাকিস্তান অর্থনৈতিকভাবে সবথেকে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী হলে তাঁর প্রথম কাজই হবে দুর্নীতি ঝেড়ে ফেলে আর্থিক অবস্থার উন্নতি করা।
আগামী ২৫ জুলাই অর্থাৎ বুধবার নির্বাচন হতে চলেছে পাকিস্তানে। জোরকদমে চলছে প্রস্তুতি। এরই মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা নাকি গোপনে নির্বাচনে হস্তক্ষেপ চালাচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার কন্যাকে কারাদণ্ড দেওয়ার বিষয়টিকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেখছেন পাকিস্তানের রাজনীতিবিদরা। তবে, ইমরান খান এরইমধ্যে সেনাবাহিনীর সঙ্গে তার দলের আঁতাতের অভিযোগ নাকচ করে দিয়েছেন।
The post ”ভারত-পাক সম্পর্কের সবথেকে অবনতি হয়েছে মোদী ক্ষমতায় আসার পর” appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2A82cB4
via IFTTT
Comments
Post a Comment