বাজপেয়ীর ১৫ বছর পর আজ অনাস্থার মুখোমুখি নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: কিছুক্ষণের মধ্যেই লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। চার বছরের মধ্যে প্রথমবার অনাস্থার মুখোমুখি হতে চলেছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার।
সংখ্যার বিচারে দেখলে বিজেপি জোট এনডিএ-র তুলনায় বিরোধীরা অনেক কম। বর্তমানে ৫৩৩-জনের লোকসভা সাংসদদের মধ্যে ৩১৫ জনই বিজেপি জোট এনডিএ। ২০১৯ -এই লোকসভা নির্বাচন। তার আগে গেরুয়া শিবিরের পক্ষে নিজেদের শক্তি যাচাই করার বিষয়ে এই অনাস্থা প্রস্তাব যথেষ্ট গুরুত্বপূর্ণ।
বিরোধী শিবির কতটা জোরালো তাও আজ খানিকটা স্পষ্ট হয়ে যাবে সংসদে। এদিকে, পদ্ম শিবির অনাস্থা প্রস্তাব নিয়ে সেভাবে বিচলিত নয়। অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে বিজেপি প্রস্তুত বলে জানানো হয়েছে। অনাস্থাকে গেরুয়া শিবির অনায়াসে প্রতিহত করবে বলে দাবি বিজেপির। এদিকে, ময়দানে নামবার আগে, আত্মবিশ্বাসী বিরোধী শিবিরও। আপাতত সকলের নজর সংসদীয় রাজনীতির দিকে।
টিডিপি-র আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হয় ১৯ জুলাই। সেদিন ছিল বাদল অধিবেশনের প্রথম দিন। মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে প্রায় এককাট্টা কংগ্রেস-সহ বাকি বিরোধীরা।
শুক্রবার সকালেই ট্যুইট করে মোদী লিখেছেন, ”আজ সংসদের একটি গুরুত্বপূর্ণ দিন। গোটা ভারত তাকিয়ে আছে।” একটি গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হবে বলেই আশাপ্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, শিব সেনা কোন পথে যাবে, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধব ঠাকরেকে সমর্থন চেয়ে অমিত শাহ ফোন করেছিলেন বলে সূত্রের খবর। এরপর সিদ্ধান্ত বদল হয়েছে কিনা তা জানা যায়নি। তবে ১১ টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
বেলা ১১টা থেকে লোকসভায় শুরু হবে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা। এ জন্য সময় বরাদ্দ হয়েছে ৭ ঘণ্টা। তারপর ভোটাভুটি। বিতর্ক শুরু করবেন অনাস্থা প্রস্তাব আনা টিডিপি-র অন্ধ্রের গুন্টুরের সাংসদ জয়দেব গল্লা। বিজেপির হয়ে প্রধানমন্ত্রী সহ সব নেতা বিতর্কে অংশ নেবেন।
এর আগে ২০০৩-এ অনাস্থার মুখোমুখি হয়েছিল বাজপেয়ী নেতৃত্বাধীন এনডিএ সরকার। এর ১৫ বছর পর ফের কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা আনল বিরোধীরা।
The post বাজপেয়ীর ১৫ বছর পর আজ অনাস্থার মুখোমুখি নরেন্দ্র মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JDKR21
via IFTTT
Comments
Post a Comment