হেলমেট পরে বাইক নিয়ে বেরিয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেল না যুবক

স্টাফ রিপোর্টার, বর্ধমান: পুলিশের গাড়ির সঙ্গে মোটরবাইকের ধাক্কায় ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমানের কালীবাজার মোড়ে জিটি রোডে৷ ঘটনায় গুরুতর আহত হয় বাইক আরোহী৷ আহতের নাম উত্তম মইলি৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্জন গেটের দিক থেকে নিয়ম মেনে রাস্তার বাঁ দিক দিয়ে হেলমেট সহ এক মোটরবাইক আরোহী বীরহাটার দিকে যাচ্ছিল৷ তখনই বর্ধমানের কালীবাজার মোড়ে জিটি রোডে পুলিশের একটি গাড়ি উলটো দিক থেকে এসে ওই মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে৷ ঘটনায় উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায় পুলিশের গাড়িটিতে। এই ঘটনায় আহত মোটরবাইক আরোহী উত্তম মইলিকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

এই ঘটনায় বর্ধমানের নীলপুর এলাকার বাসিন্দা স্বপন কুমার পাল জানিয়েছেন, এদিন বিকালে তিনি তাঁর মোটরবাইক দিয়ে গাড়ির চালক উত্তম মইলিকে পাঠান ষ্টেশন এলাকায় তাঁর ভাইকে বাসে তুলে দেওয়ার জন্য। উত্তম মইলি তাঁর ভাইকে বাসে তুলে দিয়ে ফিরছিলেন।

কালীবাজার মোড়ের কাছে আসার সময় বীরহাটার দিক থেকে আসা একটি পুলিশের গাড়ি দ্রুত গতিতে রং রুটে থেকে এসে তাঁকে ধাক্কা মারে। উত্তম মইলি রাস্তার পাশে পড়ে যান। তাঁর মাথায় হেলমেট থাকায় তিনি অল্পের জন্য রক্ষা পান। কিন্তু এরপরই পুলিশের গাড়ির চালক গাড়ি থেকে নেমে উত্তম মইলিকেও বেধড়ক পেটাতে থাকে। আর এই ঘটনা দেখে স্থানীয়জনতা রীতিমত ক্ষোভে ফুঁসে ওঠে। তাঁরা ছুটে আসেন। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে।

এদিকে, এই ঘটনার পরই রীতিমত বিতর্ক দেখা দিয়েছে। যেভাবে পুলিশের গাড়ি রং রুটে দ্রুত গতিতে এসে নির্দিষ্ট পথে আসা মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে৷ শুধু তাই নয় উত্তম বাবুকে মারধর করেছে তা নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে।

যদিও এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানিয়েছেন, মোটর ভেহিকেলস আইন অনুযায়ী জরুরী পরিস্থিতিতে পুলিশের গাড়ি নীলবাতি জালিয়ে রং রুটে যেতেই পারে। এই গাড়িটি ডিএসপি ব্যবহার করেন। এদিন পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় মোটর বাইকটির মালিককে তদন্তের জন্য আটক করা হয়েছে।

তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোটর বাইকটির চালক পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজ চালান হচ্ছে। মোটর বাইকটিকেও আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে বলেও তিনি জানিয়েছেন।

প্রশ্ন উঠেছে যেখানে খোদ পুলিশই সাধারণ মানুষকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করছে। বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাঁদের জরিমানা করছেন। সেখানে খোদ পুলিশের গাড়িই নিয়ম ভাঙায় রীতিমত প্রশ্ন দেখা দিয়েছে।

The post হেলমেট পরে বাইক নিয়ে বেরিয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেল না যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mk9kk4
via IFTTT

Comments