‘ফের ডোকলামে লুকিয়ে সেনা মোতায়েন করছে চিন’

ওয়াশিংটন: উসকে উঠছে ডোকলাম ইস্যু৷ ফের একবার সংবাদ শিরোনামে উঠে আসছে ডোকলাম৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তথ্যে তো তেমনই ইঙ্গিত৷ মার্কিনি এক উচ্চ পদস্থ আধিকারিক জানাচ্ছেন ডোকলামে ফের ঘুঁটি সাজাচ্ছে চিনা সেনা৷

গত কয়েক মাস আগেই ডোকলাম ইস্যুতে ঐক্যমতে এসেছিল নয়াদিল্লি ও বেজিং৷ আবার নতুন করে চিনের সামরিক পদক্ষেপে দুদেশের আন্তর্জাতিক সম্পর্কে চিড় ধরতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের৷ তবে ইস্যু সমাধান হলেও, ডোকলামের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি দুই দেশ৷ তারই মধ্যে চিনের সেনা নি:শব্দ অবস্থান, প্রশ্ন তুলছে৷

ওই মার্কিনি আধিকারিক জানাচ্ছেন চিন ডোকলামের ওই বিতর্কিত এলাকায় ফের নিজের গতিবিধি বাড়াচ্ছে৷ তবে এবার ভারত বা ভুটান কেউই কোনও প্রতিবাদ করেনি বা বাধা দেয়নি৷ মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে এই তথ্যই দিয়েছেন বিদেশ মন্ত্রকের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, অ্যালিস জি ওয়েলস৷

পড়ুন: মার্কিন দূতাবাসের সামনে আত্মহত্যার চেষ্টা মহিলার

তিনি বলেছেন, এই ঘটনা দক্ষিণ চিন সাগরের কথা তুলে আনছে৷ চিন দাবি করেছে, পুরো চিন উপসাগর তাদের সম্পত্তি। তবে তার প্রতিবাদ জানিয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইনস, ব্রুনেই এবং তাইওয়ান। তবে হিমালয়ের ওপর চিনা সেনার গতিবিধিতে এখন কোনও দেশের প্রতিরোধ আসেনি৷ সেটা কেন, তা স্পষ্ট নয়৷
তাঁর কথায়, হিমালয়ের ওপরে একাধিকবার বিরোধে জড়িয়েছে ভারত ও চিন ।

সম্প্রতি বিরোধ হয়েছিল ডোকলাম নিয়ে৷ চিন ও ভুটানের মধ্যে অবস্থিত ডোকলাম উপত্যকায় বেআইনিভাবে রাস্তা বানাচ্ছিল চিনের পিপলস লিবারেশন আর্মি। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে ভারত৷ তারপর শুরু হয় ডোকলাম দ্বন্দ্ব৷ পরে দুই দেশ শান্তিপূর্ণ আলোচনায় সেই সমস্যা মেটায়৷

তবে মার্কিন আধিকারিকের বক্তব্যের রেশ পাওয়া গিয়েছিল সেনাপ্রধান বিপিন রাওয়াতের কথায়৷ তিনি জানিয়েছিলেন, শীত শেষ হলেই ফের ডোকলামে হাজির হতে পারে চিনের সেনাবাহিনী। ভারতকে যেভাবেই হোক চিনা অনুপ্রবেশ আটকাতেই হবে। নাহলে, চিন পুরো ডোকলাম অঞ্চলটাই নিজেদের বলে ধরে নেবে।

তিনি আরও বলেন, এটুকু নিশ্চিত করতে হবে যাতে আর সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনীকে মুখোমুখি না হতে হয়। দুই দেশই যেন নিরাপদ দূরত্ব বজায় রাখে, সেকথাও উল্লেখ করেন সেনাপ্রধান। তিনি আরও বলছিলেন, এখনও চিনা সেনা রয়েছে ডোকলামে। তবে বেশির ভাগ সেনাই সরে গিয়েছে। কিন্তু এখনও রয়েছে চিনা সেনার তাঁবু, পোস্ট, স্টোরেজ শেল্টার ইত্যাদি।

The post ‘ফের ডোকলামে লুকিয়ে সেনা মোতায়েন করছে চিন’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LJj1Xi
via IFTTT

Comments