বর্ধমান মিউনিসিপ্যালে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ

পূর্ব বর্ধমান: বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠল৷ অভিভাবকদের অভিযোগ, এই স্কুলের প্রাইমারি বিভাগের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রীদের কাছ থেকে স্কুলের উন্নয়নের নামে জন পিছু ৫০০ টাকা চাওয়া হয়েছে। মাধ্যমিক বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা চাওয়া হয়েছে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে চাওয়া হয়েছে ১৮০০ টাকা৷

আরও পড়ুন: তথ্য চুরির অভিযোগে সাড়ে ৬ লক্ষ ডলার জরিমানা ফেসবুকের

অভিভাবকদের অভিযোগ, অথচ স্কুল কর্তৃপক্ষের কাছে যখন টাকা নেওয়ার রসিদ চাওয়া হয় তাঁরা তা দিতে অস্বীকার করেছেন। স্বাভাবিকভাবে গোটা ঘটনা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক৷ শুক্রবারই এই ঘটনায় তাপস ঘোষ নামে এক অভিভাবক বর্ধমান জেলা স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী মল্লিক জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তোলা হয়েছে স্কুলের বিরুদ্ধে।

প্রধান শিক্ষিকা জানিয়েছেন, স্কুলের একাধিক উন্নয়ন এবং সুরক্ষা ও নিরাপত্তার বিষয় সম্পর্কে সম্প্রতি অভিভাবকদের নিয়ে বৈঠক হয়। সেখানেই সমস্যাগুলি তুলে ধরা হয়। পরে অভিভাবকদের সম্মতিতেই এই অর্থ নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। তিনি জানান, মূলত স্কুলের নিরাপত্তা, বেশ কিছু কর্মীর বেতন, বেশ কয়েকজন স্কুলের অস্থায়ী শিক্ষকের বেতন প্রভৃতি খাতেই এই অর্থ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: মন্দিরে কেন যান? মুসলিম বুদ্ধিজীবীদের প্রশ্নের মুখে রাহুল

শ্রাবণীদেবীর বক্তব্য, এ ব্যাপারে তাঁরা কোনো চাপ দেননি। সদিচ্ছায় যাঁরা দিতে পেরেছেন তাঁদেরই অর্থ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, অনেক অভিভাবক নির্ধারিত অর্থের বেশিও দিয়েছেন। আর রসিদ প্রসঙ্গে তাঁর দাবি, বিল ছাপতে দিয়েছেন। কিছু বিল এসেছে তা দেওয়া হয়েছে। বাকি বিল এসে গেলে প্রত্যেককেই প্রদেয় অর্থের রসিদ দেওয়া হবে। উল্লেখ্য, এই স্কুলের মেন্টর খোদ পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এই ঘটনা সম্পর্কে তিনি জানিয়েছেন, অভিভাবকদের কাছ থেকে এ ব্যাপারে তিনি অভিযোগ পাওয়ার পর জেলা স্কুল পরিদর্শককে গোটা বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন৷

The post বর্ধমান মিউনিসিপ্যালে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ulCLq6
via IFTTT

Comments