রথের দড়িতে টান, দুর্গা পুজোর ঢাকে কাঠি

আজ রথযাত্রা। জগন্নাথ ধাম পুরী থেকে কলকাতার বিভিন্ন স্থানে মহা ধুমধামে পালিত হবে এই উৎসব। অনেক বনেদি বাড়িতেও পালিত হয় রথযাত্রা। আবার এই দিনেই দুর্গা পুজোর দামামা বেজে যায়। কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় ঠাকুর তৈরির কাজ।

ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ ভাবে পালিত হয়। কথিত আছে, দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ওড়িশার পুরীর পাশাপাশি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ এবং কলকাতার ইসকনের রথ বিশেষ প্রসিদ্ধ।

রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। সঙ্গে জিলিপি পাঁপড়ের খাওয়ার রেওয়াজ রয়েছে।

রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির সহ দেশের সকল জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্র মূর্তি মন্দির বাইরে সর্বসমক্ষে নিয়ে আসা হয়। এরপর তিনটি সুসজ্জিত রথে দেবতাদের পূজো করে রথ টানা হয়। পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম হয়।

এখানে তিন দেবতাকে গুণ্ডিচা মন্দিরে জগন্নাথদেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। পুরীতে বছরে এই একদিনই অহিন্দু ও বিদেশীদের মন্দির চত্বরে এসে দেবদর্শনের অনুমতি দেওয়া হয়। পুরীতে যে রথগুলি নির্মিত হয় তাদের উচ্চতা ৪৫ ফুট।

The post রথের দড়িতে টান, দুর্গা পুজোর ঢাকে কাঠি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uly8MO
via IFTTT

Comments