কর্মরত শ্রমিকের মৃত্যুতে বন্ধ হল উৎপাদন

স্টাফ রিপোর্টার, বারাকপুর: কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ হয়ে গেল এক নামী ডিটারজেন্ট পাউডার তৈরির কারখানায়। মৃত ওই শ্রমিকের নাম জগন্নাথ দত্ত (২৮)। উত্তর ২৪ পরগণার কাঁকিনাড়া এলাকার বাসিন্দা ওই শ্রমিক৷ কামারহাটির ‘সফেদ’ ডিটারজেন্ট কারখানায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, মৃত ওই শ্রমিক অন্যান্য দিনের মতই বুধবার সকালে কাজে যোগ দিয়েছিলেন। অন্য একটি ডিপার্টমেন্ট থেকে একটি স্ট্যান্ড পাখা নিয়ে এসে সেই পাখাটি চালু করতে যাচ্ছিলেন জগন্নাথ৷ সেই সময় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই শ্রমিক। সঙ্গে সঙ্গে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই শ্রমিককে উদ্ধার করে কারখানার বাকি শ্র্মিকরা৷

উদ্ধার করে তাঁকে স্থানীয় কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনার পর ওই কারখানার উৎপাদন বুধবারের মত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়৷ এমন সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষই। এই ডিটারজেন্ট কারখানার মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটল বলে কর্তৃপক্ষের দাবি।

এদিকে এই ঘটনায় আতঙ্কিত কারখানার অন্যান্য শ্রমিকরাও। তাদের বক্তব্য, ‘যে স্ট্যান্ড পাখা চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে জগন্নাথ, সেই পাখাটি ইলেকট্রিক মিস্ত্রিকে সারাতে দেওয়া হয়েছিল। ওই পাখাটি সারিয়ে এনেছিল কর্তৃপক্ষ। সম্ভবত ইলেকট্রিক মিস্ত্রি পাখাটি ঠিক মতো না সারানোর জন্যই এই বিপত্তি৷ যার ফলে ওই পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে জগন্নাথ দত্ত নামে ওই শ্রমিক।’ ইতিমধ্যেই মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে বেলঘরিয়া থানার পুলিশ। ময়নাতদন্তের পরই গোটা বিষয়টির তদন্তে নামবেন পুলিশ বলে জানিয়েছে৷

The post কর্মরত শ্রমিকের মৃত্যুতে বন্ধ হল উৎপাদন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zObWAg
via IFTTT

Comments