সেনাকে চাই না! একাই লড়বে বিজেপি
মুম্বই: অনাস্থায় পাশে পাওয়া যায়নি একসময়ের সঙ্গী শিব সেনাকে। তাই লোকসভা নির্বাচনে এক লড়ার সিদ্ধান্ত নিল বিজেপি। মহারাষ্ট্রে কারও হাত না ধরেই এগিয়ে যাওয়ার বার্তা দিলেন অমিত শাহ। রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এই বার্তা স্পষ্ট দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বলেছেন, ‘নির্বাচনে একা লড়ার প্রস্তুতি নিন।’
শুক্রবার অনাস্থা ভোটে শিব সেনাকে পাশে পাওয়ার জন্য বারবার ফোন করেছিলেন অমিত শাহ। সূত্রের খবর, ফোন তোলেননি উদ্ধব ঠাকরে। শেষমেস অনাস্থায় অংশ না নেওয়ার সিদ্ধান্তও নেন তাঁরা। সেনার এই ব্যবহারে রীতিমত হতাশ গেরুয়া শিবির। এরপরই কড়া হয়েছে বিজেপি। কর্মীদের অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘২০১৯-এর লোকসভা নির্বাচনে কোনও জোট হচ্ছে না।’ মহারাষ্ট্রের প্রত্যেকটা আসনে বিজেপি প্রার্থী দেবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
বিজেপি দাবি করেছিল যে তারা শিব সেনার সঙ্গে কথা বলে তাদের সমর্থন আদায় করেছে। কিন্তু শিব সেনা নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের সঙ্গে বিজেপির কোনও কথা হয়নি। সমর্থনের আশ্বাসও দেওয়া হয়নি।
অমিত শাহের সঙ্গে বৈঠকে উপস্থিত এক বিজেপি নেতা জানিয়েছেন, রাজ্যের সব বিধানসভা ও লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেই এই নীতি প্রযোজ্য হবে। বর্তমানে বিজেপি শিব সেনা ও অন্যান্য কয়েকটি ছোট দলের সঙ্গে জোটবদ্ধ।
লোকসভা কেন্দ্রের হিসেবে মহারাষ্ট্র দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্য। এখানে ৪৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে বিজেপি ২৩টি আসনে জিতেছিল ও শিব সেনা ১৮টিতে।
The post সেনাকে চাই না! একাই লড়বে বিজেপি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LF9spe
via IFTTT
Comments
Post a Comment