২১শে জুলাইয়ে অফিসে এসেছি… বাড়ি ফিরতে পারবো তো?
স্টাফ রিপোর্টার, কলকাতা: ২১ জুলাই, শনিবার, সরকারি ছুটি৷ কিন্তু একটি কাজের দিনে সকাল থেকেই রাস্তায় রাস্তায় পথ চলতি জনতার ভোগান্তি চলছে৷ শহরের যানবাহন, বাস থেকে সাইকেল রিকশা, বেশিরভাগই মুখ ফিরিয়েছে৷ শনিবার ‘Half Day’ বা ‘Full Day’ যাই হোক, সকালে প্রতিকুল পরিস্থিতি পেরিয়ে ৯টার মধ্যে অফিস পৌঁছতে রাস্তায় রীতিমতো লড়াই করতে হয়েছে সাধারণ জনতাকে৷
শহরের বাইরে থেকে যারা শহরের মূল কেন্দ্রে অফিসে পৌঁছাতে চেয়েছেন, তাদের ভোগান্তি ছিল সব থেকে বেশি৷ সারা শহর দখল করেছে রেখেছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাধারীরা৷ চা-য়ের দোকান বা পাবলিক বাস, রিকশা-অটো বা টোটো, সব কিছুই যেন আজ জোড়া ফুল পতাকার নিচে অবদমিত৷ এমনকি, রাস্তার ফুটপাথ দিয়েও হাঁটার স্বাধীনতা নেই৷ শহরের প্রাণকেন্দ্রগুলি, ধর্মতলা থেকে লেনিন সরণী, চাঁদনি থেকে শ্যামবাজার বা হাজরা — ফুটপাথের দখল নিয়েছে হাজার হাজার মানুষ৷ ২১ জুলায়ের মিছিল দেখতে হবে যে৷
ভোর থেকেই শহরের পথে কোনও পাবলিক বাস প্রায় অমিল৷ সরকারি বাস দু-একটা যা চলছে, তাতে উঠতে গিয়ে রাস্তাতেই কুস্তি লড়তে হচ্ছে যাত্রীদের৷ ভিআইপি রোডের ওপর দাঁড়িয়েছিল রুম্পা সেন৷ এক ঘন্টা বাসের জন্য অপেক্ষা করে হলুদ রঙের ট্যাক্সি চড়ে বসলেন তিনি৷ সাড়ে চারশো টাকা ভাড়া গুণে সেক্টর ফাইভের অফিসে পৌঁছেও ‘অফিসের খাতায়’ লেট তিনি৷
এদিন অটোর আচরণ আরও সন্দেহজনক৷ সকালে অফিস টাইমে অটোয় চেপে বসলেই ৬০ টাকা৷ তারপর, দূরত্ব অনুযায়ী ১০০ থেকে ১২০ ভাড়া দিতে হচ্ছে বিভিন্ন রুটে৷ যাত্রীদের কমবেশি একই অভিযোগ, ‘‘সকাল থেকেই দেখছি অটোগুলি রাস্তার ধারে দাঁড়িয়ে৷ বলছে যাবে না৷ অবার কিছু অটো ‘রানিংয়ে’ আসছে, আর ৬০ টাকা করে ভাড়া বসিয়ে চলে যাচ্ছে৷ পুরো ব্যাপারটাই ‘গট-আপ’ মনে হচ্ছে৷’’
মেট্রো রেলও মানুষকে এদিন স্বস্তি দিতে পারেনি৷ শহরের রাস্তায় লক্ষ মানুষের চোখে ফাঁকি দিয়ে পাতালে প্রবেশ করেও ভীড় বা ঠ্যালাঠেলি থেকে রেহাই পায়নি মানুষ৷ ট্রেন থামার পর কামরায় ঢোকার মুখে ধাক্কাধাক্কিতেই আহত হয়েছেন অনেকে৷ তবে যারা রাস্তায় বেড়িয়েছেন, তারা বাড়ি ফিরবেন কী করে, তা নিয়ে চিন্তায় আছেন৷ অফিসযাত্রীরা বলছেন, ‘‘চলে তো এলাম৷ ফিরে যাব কী করে?’’
The post ২১শে জুলাইয়ে অফিসে এসেছি… বাড়ি ফিরতে পারবো তো? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LdLGV9
via IFTTT
Comments
Post a Comment