প্রথমবার ‘রাম কী পৈড়ি’তে বসে কোরান পড়বেন অযোধ্যার মুসলিমরা
লখনউ: অযোধ্যার ইতিহাসে প্রথমবার সরযু নদীর ধারে কোরান পাঠ করবেন মুসলিমরা। সঙ্গে নমাজও পড়বেন তাঁরা। আর এই অনুষ্ঠানের আয়োজক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। সংগঠনের মুসলিম উইং আগামী ১২ জুলাই, বৃহস্পতিবার কোরানপাঠের আয়োজন করেছে।
অন্তত ১৫০০ মুসলিম এই কোরান পাঠে অংস নেবেন বলে জানা গিয়েছে। সঙ্গে থাকবে একাধিক হিন্দুও। আরএসএস তাদের মুসলিম-বিরোধী তকমা ঘোচাতে এই কাজ করছে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিকভাবে ওয়াজু বা পুণ্যস্নান করবেন অংশগ্রহণকারীরা। এরপর নমাজ পড়বেন তাঁরা। পরে কোরান পাঠ হবে। সরযূ নদীর ধারে ‘রাম কী পৈড়ি’ ঘাটে অন্তত পাঁচ লক্ষ বার পড়া হবে কোরান। সম্প্রীতি ও ভাতৃত্বের বার্তা দিতে চেয়েই এই কর্মসূচী আরএসএসের।
রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের নেত্রী শাবানা আজমি বলেন, ‘এটা একটা ভুল ধারনা যে অযোধ্যার মুসলিমদের ধর্মীয় কাজে বাধা দেওয়া হয়। আর একটা ভুল ধারনা হল আরএসএস মুসলিমদের বিপক্ষে। আমরা এই বার্তাই দিতে চাই যে, হিন্দু আর মুসলিম দুই ধর্মের মানুষই স্বচ্ছন্দে থাকতে পারেন অযোধ্যায়।’ তিনি আরও উল্লেখ করেন যে, আরএসএস মুসলিমদের বন্ধু স্থানীয়। দুই ধর্মের মানুষের মধ্যেই রয়েছে একই ডিএনএ।
আরএসএসের এই কর্মসূচীতে সমর্থন রয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। ওই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী লক্ষী নারায়ণ ও আরএসএস নেতা মুরারী দাস।
এদিকে, রাম মন্দির নিয়ে কাজিয়া জারি আছে অযোধ্যায়। সম্প্রতি প্রাক্তন বিজেপি বিধায়ক ও ধর্মীয় নেতা রাম বিলাস ভেদান্তি বলেন, ‘‘রাম যেখানে জন্মেছিলেন সেখানেই মন্দির নির্মাণ করা হবে৷ রাম মন্দির নির্মাণের জন্য কোনও আদালতের নির্দেশের অপেক্ষা করা হবে না৷ আদালত মন্দির নির্মাণের নির্দেশ দিলে ভালো৷ না দিলেও মন্দির ওখানেই হবে৷ ২০১৯ এর আগেই মন্দির নির্মাণের কাজ শুরু হবে৷’’ রাম বিলাস যখন এ কথা বলছেন তখন মঞ্চে উপস্থিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘অযোধ্যার উফর ভগবান রামের আশীর্বাদ রয়েছে তখন মন্দির নিশ্চয়ই নির্মাণ করা হবে৷ এই নিয়ে কোনও সন্দেহ নেই৷”
The post প্রথমবার ‘রাম কী পৈড়ি’তে বসে কোরান পড়বেন অযোধ্যার মুসলিমরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uhiVLU
via IFTTT
Comments
Post a Comment