টোব্যাকো ফ্রি শহর গড়তে নয়া উদ্যোগ
স্টাফ রিপোর্টার, বারাকপুর: শহরকে ‘টোব্যাকো ফ্রি জোন’ গড়ে তুলতে চাইছে উত্তর ২৪ পরগনার বারাকপুর পুলিশ কমিশনারেট কর্তৃপক্ষ। কলকাতার নিকটবর্তী শহর বারাকপুর। ব্রিটিশ আমল থেকে অসংখ্য ইতিহাসের সাক্ষী এই শহর। বারাকপুর শহরে জনবহুল অঞ্চলগুলিতে এবং বিভিন্ন স্কুল ও কলেজগুলির ১০০ মিটারের মধ্যে মাদক দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য বিক্রি করার ক্ষেত্রে কঠোর ভূমিকা গ্রহণ করতে চলেছে বারাকপুর পুলিশ কমিশনারেট কর্তৃপক্ষ।
মূলত বিভিন্ন স্কুলের বা কলেজের ছাত্রছাত্রীরা নতুন করে যাতে কোনও ভাবে মাদকাসক্ত না হয়ে পড়ে সেদিকে লক্ষ রেখেই বারাকপুর পুলিশ কমিশনারেট বারাকপুর শহরকে টোব্যাকো ফ্রি জোন হিসাবে গড়তে চাইছে। কোনও ভাবেই স্কুল চত্বরের ১০০ মিটারের মধ্যে মাদক দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে বা লুকিয়ে বিক্রি করা যাবে না বলে এদিন সাফ জানিয়ে দেন বারাকপুরের পুলিশ কমিশনার রাজেশ কুমার সিং। তিনি বলেন, ‘‘আইন তো বহু বছর ধরেই রয়েছে। তবে আমরা একটা প্রজন্মকে রক্ষা করতে চাইছি। স্কুল-কলেজগুলিতে ছাত্রছাত্রীরা যদি তামাক বা মাদক জাতীয় দ্রব্য বর্জন করে তবে সমাজ উপকৃত হবে। কোনও বিক্রেতা যদি তামাক জাতীয় দ্রব্য স্কুল চত্বরের ১০০ মিটারের মধ্যে বিক্রি করে তবে প্রথমে তাকে ফাইন করা হবে৷ পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনও জনবহুল জায়গায় বা গাড়ি চালাতে চালাতে মাদক দ্রব্য সেবন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে।’’
বারাকপুর শহরকে টোব্যাকো ফ্রি অঞ্চল গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির লক্ষে বুধবার সকালে বারাকপুর পুলিশ লাইন থেকে বারাকপুর সুকান্ত সদন পর্যন্ত পুলিশ কর্মীরা বারাকপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করে। এই মিছিলের নেতৃত্ব দেন বারাকপুরের পুলিশ কমিশনার রাজেশ সিং। এরপর বারাকপুর সুকান্ত সদনে প্রদীপ জ্বালিয়ে তামাক বিরোধী কর্মশালার উদ্বোধন করে বক্তব্য রাখেন বারাকপুরের নগরপাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
The post টোব্যাকো ফ্রি শহর গড়তে নয়া উদ্যোগ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uzQFoL
via IFTTT
Comments
Post a Comment