প্রেমের পক্ষে এটাই সেরা ‘পক্ষ’
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা : প্রেমিক বা প্রেমিকাকে প্রেম নিবেদন করতে চান? এটাই সেরা সময়। বর্ষার রোম্যান্টিক বৃষ্টির পাশাপাশি বাজারে গোলাপ ফুল মিলছে প্রচুর সস্তায়। ফুলের বাজারে খুব দ্রুত দাম ওঠানামা করে। কিন্তু বৃষ্টির জন্য এখন খুবই কম দামে বিক্রি হচ্ছে গোলাপ। তাই সস্তায় পুষ্টিকর প্রেম নিবেদন করার এটাই সঠিক সময়।
বাজারে যান, সবজির দাম বেশি। মাছের দামও বেশ কিছুটা বেশি। আর কোনও রেস্তোরাঁ! সেখানে আবার রয়েছে জিএসটির ঝক্কি। কোন খাবারের দামে কত জিএসটি দিতে হবে তা হিসেব করতেই প্রেমিকা পগার পার। ইঁদুর দৌড়ের জীবনে টেনশনের ছড়াছড়ি। এর উপর বাড়তি চাপ নেওয়া মুশকিল। ভীরু প্রেমের জন্য একগাছা গোলাপই ভালো। হাঁটু গেড়ে বসে গোলাপের গোছায় প্রেম নিবেদন একদম পিকচার পারফেক্ট। আর এখন এক টাকা দিলেই খান পাঁচেক গোলাপ পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে পাইকারি ফুল বাজার সূত্রে। খুচরো বাজারে সেটা খুব বেশি হলে খান ত্রিশ পয়সা বাড়বে। এর চেয়ে বেশি খরচ হবে না। তাই পকেট গড়ের মাঠ হলেও রিমঝিম বৃষ্টিতে গোলাপ দিয়ে প্রেম নিবেদন পকেটসই হবে।
ফুল বাজারের ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য নারায়ণ নায়েক বলেন , “ বর্ষাকাল ফুলেরই সময়। এখন সব ফুলেরই দাম তাই কম। শীত গোলাপের আদর্শ সময় হলেও আমাদের রাজ্যে সারা বছরই গোলাপের চাষ হয়। এখন বর্ষায় প্রচুর ফুল হয়েছে। তাই দামটাও অনেক কম।” পাইকারি বাজারে ২০ টাকায় মিলবে ১০০ টি গোলাপ। খুচরো বাজারে ৫০ টাকা দিতে হবে ১০০ টি গোলাপের জন্য।
নারায়ণ নায়েক বলেন, “এই গোলাপগুলি বেশিরভাগটা আসে পূর্ব মেদিনীপুর থেকে। বেশ কিছু হাওড়া জেলা থেকেও। এগুলি সবই মিনিপল গোলাপ। আমাদের রাজ্যে এই ধরনের গোলাপই হয়।” একইসঙ্গে তিনি বলেন, “তবে এই সময়টা ব্যবসায়ীদের বিশেষ লাভ হয় না। এত ফুল থাকলে কম দামে ছাড়তেই হয়। না হলে বেশি দাম রাখলে মানুষ কিনবে না। আরও ক্ষতি হবে।” তাছাড়া পরব-অনুষ্ঠান কম থাকে। তাই দাম কম থাকে বর্ষার সময়ে।
গোলাপের পাশাপাশি রজনীগন্ধা মিলছে ৭০ টাকা প্রতি কেজি দরে। পদ্ম ২৫এর বান্ডিলের দাম ৪০ টাকা। বেল ফুলের দাম ১২০ টাকা প্রতি কেজি। জুঁইয়ের দাম ১৫০ টাকা প্রতি কেজি। সব দামই অনেকটাই কম। কিন্তু এই ফুলগুলির চেয়েও গোলাপের দাম কিন্তু নস্যি। এবার ভেবে দেখুন প্রেমের প্রস্তাবটা দেবেন নাকি ঢোঁক গিলে নেবেন।
The post প্রেমের পক্ষে এটাই সেরা ‘পক্ষ’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JVVDks
via IFTTT
Comments
Post a Comment