দ্রুত জাতিগত শংসাপত্র দেওয়ার নির্দেশ রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার, বর্ধমান (পূর্ব বর্ধমান): সংখ্যালঘু শ্রেণির মানুষদের দ্রুত জাতিগত শংসাপত্র দিতে হবে৷ বুধবার পূর্ব বর্ধমান জেলা সফরে এসে এমনই নির্দেশ দিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল৷ সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচারই হোক বা তাঁদের কোনও রকম সমস্যা হোক, সেই বিষয়ে তাঁর কাছে অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি৷

সামনেই লোকসভা ভোট। আর এই ভোটের আগেই সংখ্যালঘু শ্রেণির মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক সুযোগ-সুবিধা কতটা পৌঁছেছে তা জানতে জেলা সফর শুরু করেছে রাজ্য সংখ‌্যালঘু কমিশন। প্রতিটি জেলায় জেলায় ঘুরে রাজ্য সরকারের উন্নয়ন খাতে দেওয়া অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা তা যাচাই করছেন কমিশনের সদস্যরা। মঙ্গলবার পশ্চিম বর্ধমান সফর করে তাঁরা৷ তার পর বুধবার পূর্ব বর্ধমান জেলায় সফর করতে আসেন কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল৷ সেখানে একটি প্রশাসনিক বৈঠক করে এই বিষয়ে আলোচনা করেন তিনি৷ এ ছাড়া, উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যাগুলি নিয়েও আলোচনা করেন চেয়ারম্যান৷ তিনি জানিয়েছেন, এটি তাঁদের স্টাডি মিটিং।

এদিনের বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা ওয়াকফ সম্পত্তি বেদখল ও জাতিগত শংসাপত্র দিতে দেরি নিয়ে অভিযোগ তোলেন৷ বৈঠক শেষে চেয়ারম্যান জানিয়েছেন, জাতিগত শংসাপত্র সঠিক সময়ে না পাওয়া নিয়ে তাঁর কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ শুনে তিনি দ্রুত সংখ্যালঘু শ্রেণীর মানুষকে জাতিগত শংসাপত্র দিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘জাতিগত শংসাপত্র দেবার ক্ষেত্রে কোনও রকম দেরী করা চলবে না।’’ একইসঙ্গে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার নিয়ে তাঁরা কাজ করছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান আবু আয়েশ। তিনি জানিয়েছেন, তাঁর কাছে কোনও অভিযোগ এলেই তিনি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।

নাবালিকাদের ওপর যৌন নির্যাতন সংক্রান্ত তথ্যও এদিনের বৈঠকে তুলে ধরা হয়৷ এই তথ্য অনুযায়ী, চলতি আর্থিক বছরে মোট ৮২টি নাবালিকাদের ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। তার মধ্যে ৬৪টি মামলার মিমাংসা হয়ে গিয়েছে। ১৮টি মামলা এখনও বিচারাধীন। তথ্যে তুলে ধরা হয়েছে যে, এই ৮২টি মামলার মধ্যে সংখ্যালঘু শ্রেণির কেস রয়েছে মাত্র ৭টি। সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল জানিয়েছেন, সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচারই হোক বা কোনও রকম সমস্যা, সেই বিষয়ে তাঁকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।

The post দ্রুত জাতিগত শংসাপত্র দেওয়ার নির্দেশ রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JWsJAK
via IFTTT

Comments