বিশ্বকাপ জিতে বেকেনবাওয়ারকে ছুঁলেন দেশঁ

মস্কো: ১৯৯৮ বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন দিদিয়ের দেশঁ৷ ২০ বছর পর কোচ হিসেবে দেশকে বিশ্বকাপ এনে দিলেন তিনি৷ সেই সঙ্গে জার্মান কিংবদন্তি ফ্রাঙ্ক বেকেনবাওয়ারকে ছুঁলেন দেশঁ৷ খেলোয়াড় ও কোচ হিসেবে দেশকে বিশ্বকাপ দেওয়ার কৃতিত্ব রয়েছে ব্রাজিলের মারিও জাগালোরও৷

খেলোয়াড় ও কোচ হিসেবে দেশকে বিশ্বকাপ দিয়ে এক অসাধারণ এক কীর্তি অর্জন করলেন দেশঁ। রবিবার মস্কোয় বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়া ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স৷ সেই সঙ্গে ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ফ্রাঙ্ক বেকেনবাওয়ারের পর তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ হয়ে দেশকে সোনার ট্রফির স্বাদ দিলেন দেশঁ।

আরও পড়ুন: বিশ সাল বাদ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

১৯৯৮ সালে দেশের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশঁ। ঘরের মাঠে ব্রাজিলকে ৩-০ হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স৷ সেই দলে ফরাসিদের নেতৃত্বের ব্যাটন ছিল দেশঁর হাতে৷ রবিবার ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেলেন ফরাসি খেলোয়াড়রা৷ এমবাপে-গ্রিজমানদের কোচের ভূমিকায় ছিলেন ৪৯ বছরের দেশঁ৷

অসাধারণ এই কৃতিত্ব প্রথম দেখিয়েছিলেন জাগালো। ১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার পর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতান তিনি। তার পর এই কৃতিত্বের অধিকারী হন বেকেনবাওয়ার৷ ১৯৭৪ সালে সে সময়ের পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯০ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে কোচ হিসেবে জার্মানিকে বিশ্বকাপ জেতান বেকেনবাওয়ার।

আরও পড়ুন: টুর্নামেন্টের সেরা মদ্রিচ, সেরা উঠতি ফুটবলার এমবাপে

রবিবার লুজনিকি স্টেডিয়ামে মারিও মানজুকিচের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া ফ্রান্সকে পরে তিন গোল এনে দেন অঁতোয়ান গ্রিজমান, পল পগবা ও কিলিয়ান এমবাপে। শিষ্যদের প্রশংসায় ম্যাচ শেষে পঞ্চমুখ হন দেশম। বিশ্বকাপ জয়ের পর ছেলেদের প্রশংসায় পঞ্চমুখ দেশঁ৷ ফরাসি কোচ বলেন, ‘দারুণ! এটা তরুণ একটা দল, যারা এখন বিশ্বসেরা। দলের কেউ কেউ তো মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন।’

ফরাসি কোচ আরও বলেন, ‘আমরা দুর্দান্ত একটা ম্যাচ খেলিনি৷ কিন্তু মানসিক সামর্থ্য দেখিয়ে আমরা চারটে গোল করেছি। সুতরাং ফ্রান্স যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে৷ এই ছেলেরা কঠোর পরিশ্রম করেছে এবং বিশ্বকাপের পথ চলায় আমরা কিছু কঠিন সময়ের মুখোমুখিও হয়েছিলাম। দুই বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের হারে আমরা খুব আঘাত পেয়েছিলাম কিন্তু সেটা আমাদের শিখিয়েছিলও।’

আরও পড়ুন: থ্রিলার ফাইনাল হেরে ‘ট্র্যাজিক’ নায়ক ক্রোটরা

নিজের কৃতিত্ব প্রসঙ্গে বলতে গিয়ে দেশঁ বলেন, ‘এই জয় আমার কারণে নয়। এটা খেলোয়াড়দের৷ ওরা ম্যাচটা জিতেছে। ৫৫ দিন আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা ফরাসি হয়ে, ব্লুজ হয়ে গর্বিত। এই জয় ছেলেদের।’

The post বিশ্বকাপ জিতে বেকেনবাওয়ারকে ছুঁলেন দেশঁ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Nk7Y43
via IFTTT

Comments