‘পাক নির্বাচনে সেনার মদত পাচ্ছেন ইমরান খান’
ইসলামাবাদ: সেনার হস্তক্ষেপেই হতে চলেছে সাধারণ নির্বাচন৷ অন্যতম বিরোধী নেতা ইমরান খানকে সাহায্য করছে সেনা৷ এমনই বিস্ফোরক মন্তব্য করে ফের বিতর্ক শুরু করলেন পাক সংবাদপত্র ‘ডন’-এর সিইও৷ এই সংবাদপত্র পাকিস্তানের জাতীয় পত্রিকার মর্যাদা পায়৷ ফলে পত্রিকার কার্যনির্বাহী আধিকারিক হামিদ হারুনের মন্তব্যে রাজনৈতিক মহল প্রবল আলোড়িত৷ পাকিস্তানে ২৫ শে জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবিসির বিখ্যাত ‘হার্ড টক’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় হারুন হামিদকে৷ সেখানে তিনি বলেন, সেনাবাহিনী প্রাক্তন ক্রিকেটার ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফকে সাহায্য করছে। আগেই অভিযোগ উঠেছে, সাধারণ নির্বাচনের আগে ডন সহ কয়েকটি পত্রিকা সেনার হুমকি পেয়েছে৷ অভিযোগ, ডন সংবাদপত্র ২০১৬ সালের শেষের দিক থেকে আক্রমণের শিকার৷

যদিও পাল্টা অভিযোগে ডনের সিইও বিদ্ধ হতে শুরু করেছেন৷ বলা হয়েছে, সেনার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ সম্পর্কে তথ্যপ্রমাণ দিতে পারেননি হারুন হামিদ৷ তবে এই বিতর্কে তিনি পাশে পেয়েছেন দেশের আরও কয়েকজন সাংবাদিককে৷ বিতর্ক উসকে দিয়ে ইমরান খানের পাল্টা অভিযোগ, তার দলের বিরুদ্ধে ডন পত্রিকার বিরুদ্ধচারণ করেছে।
স্বাধীনতার পর থেকে পাক জাতীয় নির্বাচনে সেনার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে৷ বলা হয়, পাকিস্তানে গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে সেদেশের সেনা কর্তারা৷ বারবার সেনা শাসন কায়েম হয়েছে এই দেশে৷
The post ‘পাক নির্বাচনে সেনার মদত পাচ্ছেন ইমরান খান’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JCQb5R
via IFTTT
Comments
Post a Comment