RK NEWS
<strong>নয়াদিল্লি</strong>: এবারের এশিয়া কাপের সেরা আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত দিনে হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, আইসিসি যে ক্রীড়াসূচি প্রকাশ করেছে, সেটা নিয়ে আপত্তি জানিয়েছে বিসিসিআই। ১৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলার পরের দিনই পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ অযৌক্তিক বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। তাঁরা ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানের দু’দিন বিশ্রাম পাওয়ার কথা উল্লেখ করে ক্রীড়াসূচি বদল করার দাবি জানিয়েছেন। বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘নির্বোধের মতো ক্রীড়াসূচি তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে একেবারেই বুদ্ধি প্রয়োগ করা হয়নি। এটা কী করে মেনে নেওয়া যায় যে ভারত আজ একটা ম্যাচ খেলবে এবং আগামীকালই পাকিস্তানের মুখোমুখি হবে যারা দু’দিন বিশ্রাম পাবে? এই ক্রীড়াসূচি বদলাতে হবে। আয়োজকদের কাছে এই ম্যাচটি অর্থ রোজগারের মাধ্যম হতে পারে। কিন্তু ক্রীড়াসূচিতে সামঞ্জস্য রাখতে হবে।’ এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দিন দ্বিতীয় ম্যাচে যোগ্যতা অর্জন করা দলের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। সেখানে ভারতীয় দলকে পরপর দু’দিন খেলতে হবে। বিসিসিআই কর্তাদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও এশিয়া কাপের ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি আবার একধাপ এগিয়ে বিসিসিআই-কে এই প্রতিযোগিতা বয়কট করারও পরামর্শ দিয়েছেন। সহবাগ বলেছেন, ‘এখন কোন দেশ পরপর দু’দিন ক্রিকেট ম্যাচ খেলে? ইংল্যান্ডে টি-২০ ম্যাচের মাঝে দু’দিনের বিরতি ছিল। এখানে দুবাইয়ের গরমে বিরতি ছাড়া একদিনের ম্যাচ খেলতে হবে। এটা খুব কঠিন। তাই ভারতীয় দলের এশিয়া কাপ খেলার দরকার নেই। তার বদলে ঘরের মাঠের সিরিজ এবং বিদেশ সফরের জন্য দলকে তৈরি করা উচিত।’
from https://ift.tt/2uOIg0Y
via IFTTT
from https://ift.tt/2uOIg0Y
via IFTTT
Comments
Post a Comment