RK NEWS

<strong>গোরক্ষপুর</strong>: তৃতীয় শ্রেণিতে পাঠরত ভাইকে খুন করেছে ওই স্কুলেরই পঞ্চম শ্রেণির এক ছাত্র। এর বদলা নিতে স্কুলের সবাইকে খুন করার লক্ষ্যে মিড-ডে মিলের জন্য রান্না হওয়া মুসুর ডালে বিষ মিশিয়ে দিয়েছিল সপ্তম শ্রেণির এক ছাত্রী। তবে সেই ডাল কেউ খাওয়ার আগেই বিষয়টি নজরে আসে ওই স্কুলের রাঁধুনী রাধিকার। ফলে বড় বিপদ এড়ানো যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বনকাঁটা থানা এলাকার বাউলিয়া গ্রামের। অভিযুক্ত ছাত্রী ও তার মাকে আটক করেছে পুলিশ। বনকাঁটা থানার স্টেশন হাউস অফিসার দেবেন্দ্র সিংহ যাদব জানিয়েছেন, এ বছরের ২ এপ্রিল অভিযুক্ত ছাত্রীর ভাই খুন হয়। এই ঘটনায় অভিযুক্ত ছাত্র ধরা পড়েছে। সে এখন একটি জুভেনাইল হোমে আছে। ভাইয়ের খুনের বদলা নিতে স্কুলের সব ছাত্র-ছাত্রীকে বিষ খাইয়ে মারার পরিকল্পনা ছিল মেয়েটির। আজ সকাল সাড়ে দশটা নাগাদ যখন খাবার পরিবেশন করা হচ্ছিল, তখনই রাধিকা নামে এক রাঁধুনী লক্ষ্য করেন, মেয়েটি চুপিসাড়ে রান্নাঘরে ঢুকছে। তার পিছন পিছন গিয়ে রাধিকা ডালের উপর সাদা আস্তরণ দেখতে পান। মেয়েটির হাতেও ডালের গন্ধ পাওয়া যায়। এরপরেই অন্য এক রাঁধুনীর সাহায্যে মেয়েটিকে ধরে ফেলে রান্নাঘরে আটকে রাখেন স্কুলের প্রধান শিক্ষক ভৃগুনাথ প্রসাদকে খবর দেন রাধিকা। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা এসে মেয়েটির মাকে মারতে শুরু করেন। ওই স্কুলের অধ্যক্ষর লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৮ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। মেয়েটিকে জুভেনাইল হোমে পাঠানো হচ্ছে। জেলা খাদ্য নিরাপত্তা বিভাগের আধিকারিক আর সি পান্ডে জানিয়েছেন, ‘যে ডালে বিষ মেশানোর অভিযোগ উঠেছে, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেতে তিন-চারদিন লাগবে।’

from https://ift.tt/2uLawjU
via IFTTT

Comments