এলাকায় রাতারাতি তৈরি মদের দোকান ঘিরে বিক্ষোভ মহিলাদের

শংকর দাস, বালুরঘাট: ছিল বেড়াল। হয়ে গেল রুমাল। প্রবাদের সেই ছবিই দক্ষিণ দিনাজপুরের তপন এলাকায়। ছিল ফাঁকা জমি। হঠাৎই সেখানে টিনের ঘর। তারপর রাত পেরিয়ে সকাল হতেই তা হয়ে গেল মদের দোকান। রাতারাতি এলাকায় গজিয়ে ওঠা এই মদের দোকান দেখে এলাকার আদিবাসীরা রীতিমত আতঙ্কে।

আচমকা জন্ম নেওয়া মদের দোকান দেখে ঘর পোড়া গরুর মতো অবস্থা তাঁদের। তপন-চকভৃগু রাজ্য সড়কের ধারের এই মদের দোকান চালু হওয়ার আগেই এলাকার মানুষ বিশেষ করে মহিলাদের মধ্যে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোনও ভাবেই সেটি যাতে চালু না হয় সেই দাবিতে গ্রামবাসীরা দোকানটির সামনে সকাল থেকে সন্ধ্যা অবধি বিক্ষোভ অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপন ব্লকের ১০নং মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের চেঁচড়া মোড় এলাকায় একটি টিনের চালাঘর নির্মাণ করে গত তিন-চারদিন ধরে শুরু হয়েছে মদের দোকান। হঠাৎ গজিয়ে ওঠা এই মদের দোকানের খবর আশপাশের এলাকায় চাউর হতেই সাধারণ মানুষ দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

অভিযোগ মদের দোকানের কারণে এলাকার পরিবেশ নষ্ট হবে। পাশাপাশি রাস্তা দিয়ে মহিলাদের পথচলা বিপদজনক হয়ে উঠবে। যদিও বাসিন্দাদের এই বিক্ষোভের আঁচ পেয়ে দোকানটির দরজা খোলেননি মালিক পক্ষ। পার্শ্ববর্তী মদনাহার গ্রামের সদাই বর্মণ নামের এক ব্যক্তি দোকানটির মালিক। তাঁর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করতে পারা যায়নি।

The post এলাকায় রাতারাতি তৈরি মদের দোকান ঘিরে বিক্ষোভ মহিলাদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RW1eA6
via IFTTT

Comments