মিশন নির্মল বাংলা কোথায়? প্রাত:কৃত্যে আজও মাঠই ভরসা
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: স্বচ্ছ ভারত আর মিশন নির্মল বাংলা কেন্দ্র ও রাজ্য সরকারের এই দুই প্রকল্প নিয়ে ঢালাও প্রচারের সত্ত্বেও বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের শুক্লাবাইদ গ্রামে আজও তৈরী হয়নি কোন শৌচাগার। এমনটাই অভিযোগ এখানকার পঞ্চাশটি পরিবারের।
গ্রামবাসীদের অভিযোগ, বছর দেড়েক আগে এই গ্রামের প্রতিটি পরিবার ‘নিবিড় স্বাস্থ্য বিধান প্রকল্পে’ শৌচাগার তৈরীর জন্য ৯০০ টাকা করে জমা করেছিলেন। তারপর এতগুলো দিন কেটে গেলেও কোনও বাড়িতেই শৌচাগার তৈরী হয়নি বলে অভিযোগ।
এই অবস্থায় গ্রামের মানুষকে রোজ সকালে খোলা মাঠ বা জঙ্গলে গিয়েই প্রাতঃকৃত্য সারতে হয়। জেলা প্রশাসন যখন প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরী ও তা ব্যবহার নিশ্চিত করতে চাইছে তখন জঙ্গল মহলের এই আদিবাসী গ্রামের ঘটনা অবাক করে বৈকি। দিন মজুর আর বাবুই ঘাস থেকে দড়ি তৈরী করে জীবিকা নির্বাহ করা এই গ্রামের মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, আর কতোদিন অপেক্ষা করতে হবে ‘বাড়িতে শৌচাগার তৈরীর জন্য’।

নিজেদের টাকা খরচ করে শৌচাগার তৈরীর সামর্থ্য সেভাবে কারোরই নেই বলে গ্রামবাসিদের দাবী। ফলে সরকারী প্রকল্প কবে জঙ্গল মহলের এই গ্রামে বাস্তবায়ন হবে, সে দিকেই তাকিয়ে শুক্লাবাইদের মানুষ।
গ্রামবাসী সুরেশ সরেনের অভিযোগ, প্রায় দেড় বছর আগে আমরা গ্রামের সবাই ৯০০ টাকা করে জমা দিয়েছি। তার রসিদও আমাদের কাছে আছে। কিন্তু আজও কোন বাড়িতেই শৌচাগার তৈরী হয়নি। ফলে বাধ্য হয়েই আমরা মাঠে ঘাটেই শৌচকর্ম করি বলে তিনি জানান। গ্রামবাসী বাদলী কিস্কু বলেন, পাশাপাশি সব গ্রামেই সরকারী প্রকল্পে শৌচাগার তৈরী হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে গ্রাম পঞ্চায়েত সবাইকে নির্দিষ্ট টাকা জমা দেওয়ার পর শৌচাগার তৈরী না হওয়ার বিষয়টি জানিয়েছি। কিন্তু তারপরেও তা তৈরী হয়নি। কোথায় জানালে ‘সরকারের কানে আমাদের কথা পৌঁছাবে’ তা তারা কেউ জানেননা বলেই বাদলী কিস্কু স্পষ্টতই জানান।
একই সঙ্গে তিনি বলেন, আমাদের গ্রামে ‘কোন উন্নয়ন’ হয়নি। রাস্তাঘাট থেকে পানীয় জল। সবেতেই আমরা পিছিয়ে। গ্রামে পানীয় জলের একমাত্র উৎস নলকূপটি খারাপ হলে মহিলা দল বেঁধে পঞ্চায়েতে দরবার না করলে তা সারাই হয় না বলে তার অভিযোগ। গ্রাম থেকে অনেকটা দূরেই মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের অবস্থান হওয়ায় সব সময় তাদের পক্ষে সেখানে যাওয়াও সম্ভব হয় না বলে তিনি জানান।

শুক্লাবাইদ গ্রামে ‘শৌচাগার তৈরী না হওয়া’ প্রসঙ্গে সিমলাপালের বিডিও রথীন্দ্রনাথ অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঐ গ্রামের কয়েকটি পরিবারের সরকারী তালিকায় নাম আসেনি। অন্য কোন প্রকল্প থেকে যাতে শৌচাগার তৈরী করে দেওয়া যায় তার ব্যবস্থা তিনি করছেন বলে জানান।
The post মিশন নির্মল বাংলা কোথায়? প্রাত:কৃত্যে আজও মাঠই ভরসা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2HH0gDd
via IFTTT
Comments
Post a Comment