‘দল সঠিক বক্সে টিক দিতে ব্যর্থ’

হ্যামিলটন: সিরিজ জিতিয়ে অধিনায়ক কোহলি ফিরেছেন দেশে। ওয়ান ডে কেরিয়ারের ২০০ তম ম্যাচে নেতৃত্বের অস্থায়ী চাবিকাঠি ছিল ডেপুটি রোহিত শর্মার হাতে। কিন্তু সিরিজ জিতলেও চতুর্থ ম্যাচে ডাহা ফেল রোহিতের ভারত। হ্যামিলটনে কিউয়ি বোলিং লাইন আপের সামনে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল ভারতের ব্যাটিং। নিউজিল্যান্ডের মাটিতে সর্বনিম্ন স্কোর গড়ে স্বভাবতই হতাশ দলনায়ক রোহিত। ম্যাচ শেষে জানান, ‘দল আজ সঠিক বক্সে টিক দিতে ব্যর্থ হয়েছে।’

সেডন পার্কে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় নিয়ে বলতে গিয়ে ম্যাচ শেষে হিটম্যান জানান, ‘আমরা কেউই এই স্কোর প্রত্যাশা করিনি। বহুদিন পর এমন ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলাম আমরা।’ নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিডস্টার ট্রেন্ট বোল্টের ৫ উইকেট এদিন একাই ধসিয়ে দেয় ভারতের ব্যাটিং লাইন আপকে। দোসর হিসেবে কলিন ডি গ্র্যান্ডহোম তুলে নেন তিনটি উইকেট। সবমিলিয়ে কিউয়ি পেস অ্যাটাকের সামনে চতুর্থ ওয়ান ডে’তে লজ্জার ইনিংস উপহার রোহিত অ্যান্ড কোম্পানির। যা দেশে ফিরে মোটেই স্বস্তি দেবে না বিরাটকে।

যদিও সেডন পার্কে সর্বনিম্ন রানের লজ্জার নজির গড়ে বিপক্ষ বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত। এর আগে নিউজিল্যান্ডের এই স্টেডিয়ামে সর্বনিম্ন ১২২ রানের স্কোর ছিল ভারতের ঝুলিতেই। সেডন পার্কের হাওয়ায় অনিয়ন্ত্রিত সুইং কি ব্যাটিং বিপর্যয়ের কারণ? হতাশ অধিনায়ক ম্যাচ শেষে বলেন, ‘সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে আমরা একটা দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এই ম্যাচে গলদ কোথায় হয়েছে সবাই দেখেছেন। ব্যাটসম্যানরা সুইংয়ের মোকাবিলা করতে সক্ষম হয়নি।’

তবে ব্যাটসম্যানদের শট নির্বাচনেও যে গলদ ছিল, মেনে নিয়েছেন রোহিত। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে ওয়েলিংটনে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর বার্তা দেন। এই প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, ‘দেশের হয়ে সবসময় তোমাকে সেরাটা দেওয়ার জন্য মাঠে নামতে হবে। ভাল দল সবসময় সঠিক বক্সেই টিক দেয়। সেডন পার্কে আমাদের বক্স নির্বাচনে ভুল হয়েছে।’

উল্লেখ্য, টেল এন্ডারদের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বনিম্ন রানের লজ্জার হাত থেকে বাঁচে রোহিত অ্যান্ড কোং৷ নইলে কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সর্বনিম্ন ইনিংস লেখা হতে পারত এদিনই। শেষদিকে কুলদীপ যাদবের ১৫ ও যযুবেন্দ্র চাহালের অপরাজিত ১৮ রানে ৯০’র গন্ডি পেরোয় ভারত। ওয়ান ডে ক্রিকেটে ভারতের সপ্তম সর্বনিম্ন স্কোর এটি। এদিন ভারতীয় ইনিংসে মাত্র চারজন ব্যাটসম্যানই দু’অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷ দাগ কাটতে ব্যর্থ রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটি৷ ২১ রানের বেশি তুলতে পারেনি ভারতীয় ওপেনাররা। মাইলস্টোন ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ রোহিত শর্মা৷ ওয়ান ডে কেরিয়ারে ২০০তম ম্যাচ খেলছেন হিটম্যান৷ ব্যক্তিগত ১৩ রানে বোল্টের বলে এলবিডব্লিউ হন শিখর ধাওয়ান৷

এর দু’ওভার পরেই বোল্টের হাতে কট অ্যান্ড বোল্ড হন হিটম্যান৷ তাঁর অবদান ২৩ বলে ৭ রান৷ তার পর একে একে ড্রেসিংরুমে ফেরার মিছলে যোগ দেন শুভমন গিল, অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক এবং কেদার যাদব৷ রায়ডু ও কার্তিক খাতাই খুলতে পারেননি৷ কেদারের অবদান মাত্র ১ রান৷ ছ’টি উইকেটের মধ্যে চারটিই তুলে নেন বোল্ট৷ দু’টি নেন কলিন গ্র্যান্ডহোম৷

৪০ রানে ৭ উইকেট হারিয়ে একসময় ওয়ান ডে ক্রিকেটে সর্বনিম্ন স্কোরে গুটিয়ে যাওয়ার শঙ্কা গ্রাস করে ভারতীয় শিবিরকে। সেখান থেকে সাত নম্বরে নামা হার্দিক পান্ডিয়ার ১৬ রান দলকে পার করে দেন সর্বনিম্ন ৫৪ রানের খাঁড়া। এরপর নবম উইকেটে কুল-চা জুটির ২৫ রান এবং শেষে খলিল আহমেদকে নিয়ে চাহালের ১২ রানের পার্টনারশিপ কিউয়িদের মাটিতে সর্বনিম্ন ৮৮ রানের গন্ডি টপকাতে সাহায্য করে ভারতকে।

টিম ইন্ডিয়ার ছুঁড়ে দেওয়া ৯৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে সেডন পার্কে মাত্র ১৪.৪ ওভার খরচ করল নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপতিল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে চতুর্থ ওয়ান ডে’তে জয় তুলে নিল কিউয়িরা। এই জয়ের ফলে সিরিজ হারলেও পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে আনল নিউজিল্যান্ড। অন্যদিকে প্রথমবার কিউয়িদের মাটিতে কিউয়িদের ক্লিন সুইপ করার যে সম্ভাবনা দেখেছিল ভারতীয় দল, তাতে আপাতত ইতি পড়ল।

The post ‘দল সঠিক বক্সে টিক দিতে ব্যর্থ’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2D5Y7eX
via IFTTT

Comments