কেক কেটে, নরনারায়ণ সেবায় জন্মদিন পালন মমতা বন্দ্যোপাধ্যায়ের

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: কেক কেটে আর ‘নরনারায়ণ’ সেবার মধ্য দিয়ে দলনেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৪ তম জন্মদিন পালন করলো বাঁকুড়া জেলা তৃণমূলের ‘ফ্যাম’ পরিবার। শনিবার এই অনুষ্ঠান মঞ্চ থেকেই তাঁকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরলো বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস।

শহরের জেলা তৃণমূল ভবনে দলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যামের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অরুপ খাঁ, ফ্যাম সদস্য রাজীব ঘোষাল, চুমকি বন্দ্যোপাধ্যায়, স্নেহা মুখোপাধ্যায় প্রমুখ।

নেত্রীর জন্মদিন উপলক্ষ্যে সতীঘাট বাইপাস এলাকার জেলা ‘তৃণমূল ভবন’কে আলোক মালার পাশাপাশি রঙিন বেলুন দিয়ে সুদৃশ্যভাবে সাজানো হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাপতি অরুপ খাঁ। তারপর সেই কেক উপস্থিত নেতা কর্মীদের মধ্যে বিলি করা হয়।

এবারই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ায় ‘ফ্যামে’র উদ্যোগে ‘নরনারায়ণ সেবা’র আয়োজন করা হয়। এদিন প্রায় পাঁচ হাজার মানুষকে এই অনুষ্ঠানে খাওয়ানো হয়। মেনুতে ছিল বেগুনি, খিচুড়ি, সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি। সব মিলিয়ে দলনেত্রীর জন্মদিনে উৎসবের আনন্দে মাতলেন জেলা তৃণমূলের নেতা, কর্মী থেকে সাধারণ সমর্থক সকলেই।

বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি অরুপ খাঁ ‘ফ্যাম সদস্য’দের পাশে রেখে বলেন, ফ্যামের সদস্যরা অতি উৎসাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করছে। এই উপলক্ষ্যে দুপুরে প্রায় পাঁচ হাজার সাধারণ গরিব, আর্ত মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আমরা ‘দিদি’কে দেখতে চাই। উনি সুস্থ, সবল থাকুন এই প্রার্থনার সঙ্গে আগামী ১৯ জানুয়ারি দলের ব্রিগেডে জনসভার প্রস্তুতি হিসেবেই এই অনুষ্ঠানকে কাজে লাগানো হচ্ছে বলে তিনি জানান।

The post কেক কেটে, নরনারায়ণ সেবায় জন্মদিন পালন মমতা বন্দ্যোপাধ্যায়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GTv1UT
via IFTTT

Comments