মেয়েদের বিয়ের জন্য ৫১ হাজার টাকা দেবে রাজ্য
ভোপাল: বাংলার মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথেই এবার হাঁটলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ।
রাজ্যের মেয়েদের বিয়ের জন্য সরকারি সাহায্যের কথা ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার। খুব স্বাভাবিকভাবেই এটি রাজ্যের আম জনতার কাছে একটা বড় খুশির খবর।

কমল নাথ পরিচালিত মধ্য প্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজ্যের মেয়েদের বিয়ের জন্য সরকার আর্থিক সাহায্য করার পরিকল্পনা করেছে। খুব শীঘ্রই চালু হবে সেই প্রকল্প। ইতিমধ্যেই প্রকল্পটি মুখ্যমন্ত্রী কমল নাথের ক্যাবিনেটে পাশ হয়ে গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে যে এই প্রকল্পে মেয়েদের বিয়ের জন্য মধ্যপ্রদেশ সরকার সর্বোচ্চ ৫১ হাজার টাকা দেবে। এই প্রকল্পে মেয়েদের বিয়ের জন্য কমপক্ষে ২৮ হাজার টাকা দেবে কমল নাথের সরকার। একই সঙ্গে আরও জানা গিয়েছে এই প্রকল্প চালু করার জন্য মধ্যপ্রদেশের সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হবে।

মধ্যপ্রদেশ প্রশাসনিক অপদে কমল নাথ আসীন হয়েছেন তা এখনও একমাসও হয়নি। এরই মাঝে অর্থনৈতিক ক্ষেত্রে একগুচ্ছ কড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্ষমতায় এসেই কৃষি ঋণ মুকুব করার মতো সাহসী সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। যা হাতিয়ার করে রাজনীতির ময়দানে নেমেছে কংগ্রেস নেতৃত্ব। ঋণ মুকুবের পরে রাজ্যের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা বড় সাফল্য বলেই মনে করছে কংগ্রেস।

যদিও এর মাঝে সহস্রাধিক মানুষের পেনশন বন্ধ করেছেন কমল নাথ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জরুরী অবস্থার সময়ে গ্রেফতার হওয়া ব্যক্তিদের জন্য পেনশন চালু করেছিলেন ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওই প্রকল্পের অধীনে ২৬০৪ জন মানুষকে মাসিক ২৫ হাজার টাকা করে পেনশন দেওয়া হতো। চলতি সপ্তাহে সেই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করার জন্য ট্রেজারি এবং ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে মধযপ্রদেশ রাজ্য প্রশাসন।

The post মেয়েদের বিয়ের জন্য ৫১ হাজার টাকা দেবে রাজ্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Fb7SLd
via IFTTT
Comments
Post a Comment