২০১৯ বিদেশ: বাকযুদ্ধ চালাবেন ইমরান
স্বাগত নতুন বছর৷ ইংরাজি নববর্ষে শুভেচ্ছা৷ বর্ষবরণে মিশে থাকে আগামীর পথ চলার ভাবনা৷ এই লক্ষ্যে Kolkata 24×7 নতুন করে ভাবছে৷ এতে মিশে আছে ভবিষ্যৎ দেখার ইচ্ছে৷ আমরা এগিয়ে চলেছি, তাই পিছন ফিরে দেখা নয় আগামীকেই স্বাগত জানাচ্ছি৷ ২০১৯ সালের সম্ভাব্য কিছু ঘটনা তুলে ধরছি৷ বাংলা সংবাদমাধ্যমে এ এক ব্যতিক্রমী প্রচেষ্টা৷ দেশ থেকে বিদেশ, খেলা থেকে মেলা সমস্ত বিষয়ের সব খবর এক ক্লিকে৷ এই প্রতিবেদনে বিদেশের দশদিক…
১. কবর দেবে কারা ?

গৃহযুদ্ধ কবলিত ইয়েমেন৷ এই দেশের অভ্যন্তরীণ সংকট এমনই যে সৌদি আরব সহ অন্যান্য দেশের মিলিত সেনা হামলা চালাচ্ছে৷ অথচ ক্ষমতা দখলকারী হুথি গোষ্ঠীকে হটানো যায়নি৷ লাগাতার সংঘর্ষে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ বাতিল হয়েছে শান্তি প্রক্রিয়া৷ সবমিলে মৃত্যুপুরী ইয়েমেনে মৃতদেহ কবর দেওয়ার লোকের অভাব দেখা দেবে৷
২. সার্ক যাচ্ছে রসাতলে

আন্তর্জাতিক মঞ্চ সার্ক শিখর সম্মেলন নিয়ে অনিশ্চয়তা চলছেই৷ ইঙ্গিত মিলছে এবারেও বৈঠক একপ্রকার বাতিলই হতে চলেছে৷ ইতিমধ্যেই ভারত অংশ নেবে না বলেই জানিয়েছে৷ তার সাথে আরও কিছু সদস্য দেশ এক হলেই ফের রসাতলে সার্ক৷
৩. আমেরিকা ট্রাম্প আতঙ্ক

কখন কি সিদ্ধান্ত নেন তা নিয়েই চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্রবাসী৷ এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন বছরে নতুন করে অভিবাসন সংক্রান্ত আতঙ্ক৷ প্রেসিডেন্ট কি অবস্থান নেবেন তা নিয়েই চিন্তা থাকছে আমেরিকায় থাকা বিভিন্ন দেশের নাগরিকদের৷
৪. রক্তাক্ত থাকবে মায়ানমার

রোহিঙ্গাদের তাড়িয়েছে মায়ানমার সরকার৷ রাখাইন প্রদেশে বৌদ্ধদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ৷ এই অবস্থায় আন্তর্জাতিক হস্তক্ষেপে ফের রাখাইনে নিজেদের জমিতে রোহিঙ্গাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হলে বাড়বে জাতিগত সংঘর্ষ৷ তার জেরে প্রবল রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতে চলেছে৷ রাষ্ট্রের সর্বময় প্রধান আউং সান সু কি তাঁর অবস্থান নিয়ে নীরব৷ এতে বাড়ছে আনিশ্চয়তা৷
৫. নেপাল-ভুটান নিয়ে শংকা

প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও ভুটানের সরকার কতটা চিনের দিকে ঝুঁকল তা নিয়েও চিন্তায় থাকবে ভারত সরকার৷ যদিও সদ্য নতুন সরকারে আসা ভুটানের প্রধানমন্ত্রী লোটে শোরিং ভারতকে গুরুত্ব দিয়েছেন৷ কিন্তু ভুটানে বাড়ছে চিনের প্রতি আগ্রহ৷ আর সেটা নিজেদের দিকে টানতে মরিয়া বেজিং৷ নেপালের অবস্থানে বাড়ছে শংকা৷ কাঠমান্ডু ও বেজিং কূটনৈতিক প্রক্রিয়া আরও বাড়বে৷
৬. ইরানি হুমকি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চোখ রেখে কথা বলে যে কয়েকটি রাষ্ট্র তাদের অন্যতম ইরান৷ ইসলামি প্রজাতন্ত্র এই দেশটির সরকার পরমাণু চুক্তি ইস্যুতে ফের ক্ষোভ দেখিয়েছে৷ সেই সূত্র ধরে ইরানের হুমকি শুনতে হচ্ছে আমেরিকাকে৷ পাল্টা ওয়াশিংটনের তরফে দেওয়া হয়েছে কড়া বার্তা৷ তেহরানের এই অবস্থানে পারস্য উপসাগরে উঠবে আলোড়ন৷
৭. রুশ মৈত্রীর ভরসা

মধ্য এশিয়া তো বটেই আরব দুনিয়ার একাধিক দেশও রাশিয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে৷ তার জেরে রুশ অস্ত্র ব্যবসা পেয়েছে আরও গতি৷ কাতার সরকারকে দেওয়া রাশিয়ান বিমান ও সমরাস্ত্রের প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন বন্ধু আরব৷ ডোন্ট কেয়ার মনোভাব মস্কোর৷ প্রেসিডেন্ট পুতিনের কড়া অবস্থানে সিরিয়া সরকার স্বস্তিতে৷ তুরস্কের সমর্থন নিয়েও চিন্তায় আমেরিকা৷ সবমিলে রুশ মৈত্রীর দিকেই পাল্লা ভারি থাকছে৷
৮. কাবুলে আরও বিপদ

আফগানিস্তানের পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই৷ তবে তালিবান জঙ্গিদের ক্রমাগত হামলায় ছোট হয়ে আসছে সরকারের দখলে থাকা এলাকার পরিধি৷
এরমধ্যে মার্কিন সেনাকে সরিয়ে নিলে চরম বিপদ৷ সেই আতঙ্ক তাড়া করছে আফগানবাসীদের৷ ফিরে আসছে তালিবান জমানার দুঃস্বপ্ন৷
৯. আফ্রিকায় অস্থিরতা

জিম্বাবোয়ের কুর্সি থেকে সরেছেন একনায়ক মুগাবে৷ এরপর আসছে একাধিক দেশের নির্বাচন৷ তারই অন্যতম গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও মাদাস্কার৷ দুই রাষ্ট্রের সরকার গঠন ঘিরে আলোড়িত হতে চলেছে আফ্রিকান ইউনিয়ন৷ অন্যদিকে মিশরের অভ্যন্তরীণ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি থাকবে বজায়৷ দক্ষিণ আফ্রিকার সরকার গঠন ঘিরে উত্তপ্ত হবে পরিস্থিতি৷ ভয়াবহ ইবোলা আক্রমণ ও জঙ্গি হামলায় ত্রস্ত থাকবে আফ্রিকা৷
১০. বাকযোদ্ধা ইমরান

ভারতে লোকসভা নির্বাচনের আগে সীমান্তের ওপার থেকে আক্রমণ শানাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেই আক্রমণ আরও বাড়বে৷ প্রতিবারই সংখ্যালঘু ত্রাতা হিসেবে অবতীর্ণ হতে থাকবেন তিনি৷ সেই রেশ ধরে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কের নরম হওয়ার তেমন আশা নেই৷ দুই দেশের কূটনৈতিক প্রক্রিয়া গতি হারাবে৷
The post ২০১৯ বিদেশ: বাকযুদ্ধ চালাবেন ইমরান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TlBlG6
via IFTTT
Comments
Post a Comment