রাফায়েল বিড়ম্বনা ভারতে, সুযোগ বুঝে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

ইসলামাবাদ: রাফায়েল যুদ্ধবিমান নিয়ে সরকার-বিরোধী তরজা চরমে৷ এমন সময়ে বায়ুসেনার সমরাস্ত্রের ভাণ্ডার বাড়াতে তৎপর হল ইমরান খানের সরকার৷ পরম মিত্র বন্ধু চিনের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়েছে পাকিস্তান৷ ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে, রাফায়েল আসার আগেই পাকিস্তানকে ৬২টি অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠিয়ে দেবে চিন৷ এর মধ্যে রয়েছে জেএফ-১৭ সিরিজের যুদ্ধবিমানও৷

রাফায়েলের মতো জেএফ-১৭ মাল্টি কমব্যাট এয়ারক্রাফট৷ পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চিনের চেং ডু এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে এই যুদ্ধবিমান তৈরিতে লেগে৷ জেএফ-১৭ সিরিজের সবথেকে আধুনিক মডেলটি বায়ুসেনার ভাণ্ডারে মজুত করতে চায় পাকিস্তান৷ সেই মতো এই সিরিজের ব্লক ৩ মডেলটি তৈরি করা হচ্ছে৷ আকাশপথে ভারতকে টক্কর দিতেই পাকিস্তানের এই সিদ্ধান্ত৷

রিপোর্টে বলা হয়েছে, চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনকে পাক সেনা অনুরোধ করেছে ২০১৯ সালের মধ্যে জেএফ-১৭(ব্লক ২) সিরিজের ১৩টি যুদ্ধবিমান সরবরাহ করার৷ আর দুটি আসনবিশিষ্ট ২২টি জেএফ-১৭ সিরিজের ব্লক ৩ মডেলের যুদ্ধবিমানটি ২০২০র মধ্যে ঘরে তুলতে চায় পাকিস্তান৷ এখানেই শেষ নয়৷ ২০২২ সালের মধ্যে আরও ২৮টি জেএফ-১৭ সিরিজের যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছে ইমরান খানের সরকার৷

অর্থাৎ সব মিলিয়ে ২০২২ সালের মধ্যে ৬২টি যুদ্ধবিমান পাক বায়ুসেনার হাতে চলে আসছে৷ সেখানে ওই সময়ের মধ্যে ভারতের হাতে ৩৬টি ফ্লাই অ্যাওয়ে অবস্থায় রাফায়েল আসার কথা৷ কিন্তু রাফায়েল নিয়ে যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে সরকার ও বিরোধীর মধ্যে তাতে শক্তির নিরিখে বায়ুসেনার পিছিয়ে পড়ার সম্ভাবনা দেখছে বিশেষজ্ঞ মহল৷

ভারতের বায়ুসেনার অন্তত ১২৬টি মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট দরকার৷ সেখানে ২০২০র মধ্যে তারা মাত্র ৩৬টি রাফায়েল পাচ্ছে৷ অস্ত্রভাণ্ডারে ফাইটার বিমানের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগে বায়ুসেনা৷ সেই উদ্বেগ প্রকাশ পেয়েছিল বায়ুসেনা প্রধান বিরেন্দ্র সিং ধানোয়ার গলাতেও৷ গতবছর ডিসেম্বরে একটি অনুষ্ঠানে এসে তিনি বলেছিলেন, দেশের নিরাপত্তার প্রশ্ন যেখানে জড়িয়ে সেখানে রাজনীতি করা উচিত নয়৷ রাফায়েল মতো শক্তিশালী যুদ্ধবিমান ভারতের দরকার৷ এখন বায়ুসেনার হাতে ৩১টি স্কোয়ারড্রোন আছে৷ আরও ৪৫টি স্কোয়ারড্রোন বায়ুসেনার থাকা দরকার৷

The post রাফায়েল বিড়ম্বনা ভারতে, সুযোগ বুঝে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2QtzMUS
via IFTTT

Comments