জয়ের ব্যাপারে নিশ্চিত, ভোটের ব্যবধান নিয়ে চিন্তা বাড়াচ্ছে ববির

স্টাফ রিপোর্টার, কলকাতা: রবিবার কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন৷ রবিবারই ভাগ্য নির্ধারণ হবে মেয়র ফিরহাদের৷ ৮২ নম্বর ওয়ার্ডের মোট ৩৪ হাজার মানুষ ভোট দেবেন৷ মোট ১২টি বুথ করা হয়েছে৷ সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে৷ জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত ফিরহাদ হাকিম দেখতে চান গতবারের থেকে কত বেশি ভোট পাচ্ছেন তিনি৷ মেয়র ফিরহাদের কথায়, সেই ভোটের নিরিখেই বিচার হবে তাঁর সফল্যের মাপকাঠি৷

শুক্রবারই সেখানে শেষ দফার ভোট প্রচার শেষ হয়েছে৷ উপনির্বাচনকে সামনে রেখে মেয়র ফিরহাদ মোট চারটি বড় প্রচার করেছেন এলাকায়৷ এছাড়াও প্রায় রোজই এলাকার মানুষের দোরে ঘুরেও জনসংযোগ করে এসেছেন৷ এলাকার মানুষেরাও তাদের প্রিয় ‘ববি দা’কে কাছে পেয়ে বেজায় খুশি৷ এলাকার মানুষের কথায়, ববি দা এতদিন আমাদের জন্য অনেক করেছেন, এবার আমাদের পালা ওনাকে কিছু দেওয়ার৷

মেয়র ফিরহাদের বিপরীতে ৮২ নম্বর ওয়ার্ডে অন্যান্য রাজনৈতিক দল বিজেপি, সিপিএম ও কংগ্রেস সকলেই প্রার্থী দেয়েছে৷ বিজেপির প্রার্থী জীবন সেন৷ সিপিএম প্রার্থী শিশির ভাদুড়ি ও কংগ্রেসের প্রার্থী অনিমেষ চট্টোপাধ্যায়৷ বিজেপির জীবন সেনও ফিরহাদ হাকিমের প্রচারের পাল্টা প্রচার করেছেন এলাকায়৷ যদিও এলাকার মানুষেরা যে তাদের ববি দাকেই চান সেটাও স্পষ্ট করে দিয়েছেন তারা৷

ফিরহাদ হাকিম প্রথম ২০০০ সালে এই ৮২ নম্বর ওয়ার্ড থেকেই কাউন্সিলর হিসেবে ভোটে দাঁড়ান৷ তারপর ২০০৫ সালে তিনি সর্বোচ্চ ১২০০ হাজার ভোটে জিতে কলকাতা পুরসভার মেয়র পারিষদ নির্বাচিত হন৷ ২০০০ সালেও ভোটর ব্যবধান ছিল ৯ হাজারের মতন৷ সেক্ষেত্রে যত দিন এগিয়েছে এলাকায় জনপ্রিয় হয়েছেন ফিরহাদ হাকিম৷ আর তাই এবারে ভোটের অংকের ব্যবধানই হবে মূল বিচার্য৷ তবে বিশেষজ্ঞ মহলের কথা অনুযায়ী, এবারের উপনির্বাচনে বিগত বছরের তুলনায় রেকর্ড মার্জিনে জিতবেন ফিরহাদ হাকিম৷

প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মহানাগরিকের গুরু দায়িত্ব দেন তাঁর সুযোগ্য সৈনিক ফিরহাদ হাকিমকে৷ কিন্তু ফিরহাদ যেহেতু কাউন্সিলর নন সেক্ষেত্রে মেয়র পদের দায়িত্ব নেওয়ায় সমস্যা দেখা দেয়৷ তাই তড়ি ঘড়ি বিধানসভায় আইন আনা হয়৷ কাউন্সিলর নন এমন কেউ মেয়র পদের দায়িত্ব নিলে তাঁকে ৬মাসের মধ্যে কলকাতা পুরসভার যেকোনও ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে৷

সেই মাফিক ৮২ নম্বর ওয়ার্ড থেকেই ফিরহাদ দাঁড়াবেন বলেও ঠিক হয়ে যায় দলের অন্দরে৷ তাই সেখানকার কাউন্সিলর প্রণব বিশ্বাস বয়সজনিত কারণ দেখিয়ে তড়ঘড়ি ইস্তফা পত্র জমা দেন পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের দফতরে৷

The post জয়ের ব্যাপারে নিশ্চিত, ভোটের ব্যবধান নিয়ে চিন্তা বাড়াচ্ছে ববির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F7OQX8
via IFTTT

Comments