পিঙ্ক টেস্টের তৃতীয় দিন জেন ম্যাকগ্রা ডে

সিডনি: গোলাপি টেস্টের তৃতীয় দিন ছিল জেন ম্যাকগ্রা ডে৷ কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা’র প্রয়াত স্ত্রী জেনকে স্মরণ করল ক্রিকেটবিশ্ব৷ শনিবার সিডনিতে নামার আগে দুই দলের ক্রিকেটারদের হাতে গোলাপি টুপি তুলে দেন ম্যাকগ্রা৷

এসসজি-র গ্যালারিও ছিল গোলাপি৷ দর্শকরা গোলাপি পোশাকে মাঠে এসেছিলেন৷ এদিন লেডিজ স্ট্যান্ডের নামকরণ করা হয় জেন ম্যাকগ্রার নামে৷ ১১ বছর ধরে জানুয়ারির প্রথম সপ্তাহে সিডনি টেস্ট প্রয়াত জেন ম্যাকগ্রা’র নামে স্মরণ করে পিঙ্ক টেস্ট নামে সেলিব্রেট করা হচ্ছে৷ তবে এটা যে ট্র্যাডিশন হয়ে দাঁড়াবে তা ভাবতে পারেননি ম্যাকগ্রা৷ তিনি বলেন, ‘প্রতি বছরই এটা আরও ভালো হচ্ছে৷ জেন থাকলেও এটা অভিনব হত৷ এটাই ও চেয়েছিল৷ এটা দেখতে ও গর্বিত হত’৷

গ্লেন ম্যাকগ্রার সঙ্গে বিয়ের দু’ বছরের মধ্যে অর্থাৎ ১৯৯৭ সালে স্তন ক্যানসার ধরা পড়ে জেনের৷ দুই সন্তানের মা জেন নিজের চিকিৎসার পাশাপাশি স্বামী ম্যাকগ্রাকে নিয়ে ২০০৫ স্তন ক্যান্সারে আক্রান্তদের সাহায্যার্থে চালু করেন ম্যাকগ্রা চ্যারিটি ফাউন্ডেশন। ২০০৮ ক্যান্সারে আক্রান্ত স্ত্রী জেনকে হারান এই প্রাক্তন অজি ফাস্ট বোলার। এরপর জেন-ম্যাকের যৌথ উদ্যোগে গড়ে ওঠা গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনকে স্বীকৃতি জানাতে ২০০৯ থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া চালু করে ‘পিঙ্ক টেস্ট’। বৃহস্পতিবার শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্ট হল একাদশতম ‘পিঙ্ক টেস্ট’।

কিন্তু নাম দেওয়া হল পিঙ্ক টেস্ট? মূলত স্তন ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে গোলাপি রং-কেই বেছে নিয়েছে বিশ্ব। এমনিতে গোলাপি রং-কে বলা হয়, ইউনিভার্সাল কালার অব লাভ। অর্থাৎ প্রেমের বিশ্বজনীন রং হল গোলাপি। এতে রয়েছে ভালোবাসা, প্রেম এবং আকর্ষণ। এই গোলাপি রং-কে বিশ্বে ক্যানসারের সচেতনতার কাজে ব্যবহার করছে ম্যাকগ্রা ফাউন্ডেশনও। অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাই মূলত এই সংস্থার পৃষ্ঠপোষক।

বিরাটদের উদ্যোগকে স্বাগত জানান ম্যাকগ্রা৷ ভারত অধিনায়কের প্রশংসা করে ম্যাকগ্রা বলেন, ‘মেলবোর্ন টেস্টে বিরাটের সঙ্গে কথা হয়৷ তখনই ও বলেছিল পিঙ্ক টেস্টের জন্য ও তৈরি৷ সিডনিতে গোলাপি রংয়ের গ্লাভস পড়ে ব্যাট করতে নামবে৷ ব্যাটিং গ্রিপ ও স্টিকার হবে গোলাপি৷ বিরাটের মতো ক্রিকেটার এটা করেছে, এটা দারুণ ব্যাপার৷’

পিঙ্ক টেস্টে চালকের আসনে ভারত৷ ফলো-অনের প্রহর গুনছে অস্ট্রেলিয়া৷ প্রথম ইনিংসে ভারতের ৭ উইকেটে ৬২২ রানের জাবাবে শনিবার তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ২৩৬ রান তুলেছে টিম পেইনের দল৷ অর্থাৎ ফলো-অন বাঁচাতে এখনও ১৮৭ রান দরকার অস্ট্রেলিয়ার৷ হাতে রয়েছ চার উইকেট৷ মেলবোর্নে বক্সিং ডে টেস্টে সুযোগ পেয়েও অস্ট্রেলিয়াকে ফলো-অন করায়নি টিম কোহলি৷ তবে সিডনিতে শাস্ত্রী-কোহলি ফলো-অনের সুযোগ হাতছাড়া করবে বলে মনে হয় না৷

সিডনিতে ভারতের হারের সম্ভবনা নেই৷ তাই পিঙ্ক টেস্ট ড্র হলেও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করবে ভারত৷ চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে থেকে সিডনিতে সিরিজের শেষ টেস্ট খেলতে নেমেছ বিরাটবাহিনী৷ অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর মেলবোর্নে তৃতীয় তথা বক্সিং ডে টেস্টে পেইনদের হারায় কোহলি অ্যান্ড কোং৷

The post পিঙ্ক টেস্টের তৃতীয় দিন জেন ম্যাকগ্রা ডে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F9WlfX
via IFTTT

Comments