সিডনিতে রেকর্ড ঋষভ পন্তের

সিডনি: আগ্রাসনে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত সিরিজে পর পর দু’টি ইনিংসে ৯২ রানে আউট হয়েছেন৷ সিডনিতেও নব্বইয়ের ঘরে একবার লায়নের বলে বড় শট খেলতে গিয়ে বল হাওয়ায় তুলে বসেছিলেন৷ ভাগ্য সুপ্রসন্ন থাকায় বল ফিল্ডারের হাতে পৌঁছয়নি৷ শেষমেশ দুরন্ত একটা বাউন্ডারির সাহায্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ঋষভ পন্ত৷ সেই সঙ্গে ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নেন তরুণ ভারতীয় উইকেট কিপার৷

আরও পড়ুন: ঋষভের সেঞ্চুরি, রানের পাহাড়ে চড়ে ব্যাট ছাড়ল ভারত

সিডনিতে শতরান করার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েন পন্ত৷ তিনিই প্রথম ভারতীয় উইকেটকিপার, যিনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন৷ ১৯৬৭ সালে অ্যাডিলেডে ফারুখ ইঞ্জিনিয়রের ৮৯ রানের ইনিংসটিই ছিল এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে করা কোনও ভারতীয় উইকেটকিপারের সর্বোচ্চ টেস্ট ইনিংস৷

গত বছর প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করেছিলেন পন্ত৷নটিংহ্যামে টেস্ট অভিষেক৷ সাউদাম্পটন ঘুরে ওভালে কেরিয়ারের তৃতীয় টেস্টেই ঝকঝকে সেঞ্চুরি৷ওভালের ১১৪ রানের ইনিংসটি এতদিন ছিল পন্তের টেস্ট তথা আন্তর্জাতিক কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস৷ সিডনিতে ওভালের শতরানকে ছাপিয়ে যেতে বিশেষ সময় লাগেনি তাঁর৷

আরও পড়ুন: পন্তকে নিয়ে গান বাঁধল ভারত আর্মি

সেঞ্চুরির পর দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে না ফেলে ক্রমাগত বাউন্ডারিতে দেড়শো রানের গণ্ডিও পার করেন তিনি৷ শেষমেশ ব্যক্তিগত ১৫৯ রানে অপরাজিত থাকেন ঋষভ৷ ১৮৯ বলের ইনিংসে ১৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি৷ টেস্ট তথা আন্তর্জাতিক কেরিয়ারে এখন এটিই তাঁর সর্বোচ্চ ইনিংস৷

টেস্ট ক্রিকেটের ইতিহাসে পন্তের এই ইনিংসটি ভারতীয় উইকেটকিপারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ৷ টেস্টে তাঁর থেকে বড় রানের ইনিংস খেলেছেন আরও দু’জন ভারতীয় উইকেটকিপার৷ ২০১৩ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি ২২৪ রানের অনবদ্য ইনিংস খেলছিলেন৷ ভারতীয় উইকেটকিপারদের করা সেটিই একমাত্র টেস্ট ডাবল সেঞ্চুরি৷১৯৬৪ সালে চেন্নাইয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে বুধি কুন্দেরন খেলেছিলেন ১৯২ রানের ইনিংস৷

আরও পড়ুন: ডাবল সেঞ্চুরি হাতছাড়া পূজারার

এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে কোনও সফরকারী উইকেটকিপারের করা এটি দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংস৷ পন্তের অপরাজিত ১৫৯ থেকে বেশি রান করেছেন এবি ডি’ভিলিয়র্স৷ ২০১২-১৩ সালে পারথে ১৬৯ রানের দুরন্ত ইনিংস খেলেন প্রোটিয়া উইকেটকিপার৷

শুধু সফরকারী উইকেটকিপার হিসাবেই নয়, ব্যাটিং অর্ডারের সাত বা তারও নীচে ব্যাট করতে নামা কোনও সফরকারী ব্যাটসম্যান হিসাবেও দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংস খেলেন পন্ত৷ ১৮৯৭ সালে কুমার রঞ্জিতসিংজি সিডনিতেই ১৭৫ রান করেছিলেন৷ পন্ত হলেন প্রথম উইকেটকিপার, ২১ বছর বয়সেই যিনি দু’টি টেস্ট সেঞ্চুরি করলেন৷ দু’টিই আবার এশিয়ার বাইরে৷

The post সিডনিতে রেকর্ড ঋষভ পন্তের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F8Ul76
via IFTTT

Comments