আড়াই দশক ধরে এক কর্মনাশা বনধের জেরে ‘ভুগছে’ ভারত

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টানা ২ দিনের বনধ ডেকেছে বামপন্থীরা। সক্রিয় কর্মনাশা বনধ প্রচুর দেখেছে ভারত। কিন্তু বছর ছাব্বিশ আগে বিদেশের একটি কর্মনাশা বনধও ভারতীয়দের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। সেই জের এখনও চলছে। ভুক্তভুগী এক বিশ্বজয়ী অধিনায়ক এবং তাঁর হাজারও ভক্ত।

ঘটনা ১৯৮৩, ১৮ জুনের। ‘ইংলিশ ক্রিকেট সামার’। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েলসের টানব্রিজে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে ধুঁকছে ভারতীয় ব্যাটিং। স্কোরবোর্ডে রান ১৭। প্যাভিলিয়নে ফিরে গিয়েছে গাভাস্কারসহ পাঁচ টপ অর্ডার ব্যাটসম্যান। জিম্বাবোয়ের পিটার রওসন এবং কেভিন কুরানের এক স্প্লেলেই কাটা গিয়েছে ভারতীয় ব্যাটিংয়ের মাথা। ক্রিজে এলেন কপিল দেব নিখাঞ্জ। অপরদিকে অলরাউন্ডার রজার বিনি। ষষ্ঠ উইকেটে বিনির সঙ্গে ৬০ রানের পার্টনারশিপ গড়লেন অধিনায়ক। সপ্তম উইকেটে মদন লালের সঙ্গে ৬২ রানের পার্টনারশিপ৷

এত কিছু করেও ভারতের স্কোর তখনও ১৫০-ও পৌঁছয়নি। অষ্টম উইকেটে বর্তমান ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী প্যাভিলিয়নে মাত্র এক রানে। নবম উইকেটে ব্যাট করতে এলেন উইকেট কিপার সৈয়দ কিরমানি। তখন ক্রিজে জমে গিয়েছেন কপিল। তাও মারধোরের পথে গেলেন না। সন্তর্পণে ২০০ পেরোতেই শুরু হল ‘হরিয়ানা হ্যারিকেন’। কপিল যখন অপরাজিত ১৭৫ রানের বিখ্যাত ইনিংস খেলে ড্রেসিংরুমে ফিরছেন তখন ভারতের রান ২৬৬। ভারত ম্যাচ যেতে ৩১ রানে।

বলা হয় এই ম্যাচটাই ভারতের ক্রিকেট দর্শন বদলে দিয়েছিল। পরে কপিলের হাত ধরেই ক্রিকেটে ভারতের প্রথমবার বিশ্বজয়। সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়দেরদের অনুপ্রেরণা ছিল ওই বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেটের এমন মোড় ঘোরানো ম্যাচের একটাও ভিডিও ফুটেজ পাওয়া যায় না। সম্বল শুধুমাত্র খান পাঁচেক ছবি। কারণ কর্মনাশা বনধ।

বিশ্বখ্যাত সংবাদসংস্থা এবং তৎকালীন ম্যাচের সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিবিসির কর্মীরা বনধ ডেকেছিলেন। বিবিসির অফিসে যখন বনধ পালন হচ্ছে, তখন ভারতকে বিশ্বজয়ের পথ দেখাচ্ছেন অধিনায়ক কপিল দেব। কিন্তু দুর্ভাগ্য, কর্মনাশা বনধের জেরে আজও হা-হুতাশ করেন বহু ভারতীয় ক্রিকেট প্রেমী। তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায় না ওই ম্যরাথন ইনিংসের কোনও ভিডিও ফুটেজ। এক দর্শক পুরো ম্যাচের ভিডিও করেছিলেন বলে শোনা যায়। কিন্তু তিনি নাকি বহু টাকার বিনিময়ে সেই এক্সক্লুসিভ ম্যাচের ভিডিওটি বিক্রি করে দিয়েছিলেন তাঁর কোনও এক পরিচিতকে। আর কোনও খবর মেলেনি।

কেটে গিয়েছে ২৬ বছর। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক সিনিয়র সিটিজেন হওয়া থেকে আজ মাত্র একধাপ দূরে। তিনিও হয়তো আফসোস করেন সেই ম্যাচের কোনও ভিডিও না থাকার জন্য। অবসর জীবনে স্মৃতিইতো সম্বল।

The post আড়াই দশক ধরে এক কর্মনাশা বনধের জেরে ‘ভুগছে’ ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2QskjUU
via IFTTT

Comments