অন্য যুবকের সঙ্গে সম্পর্কের সন্দেহ, স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

স্টাফ রিপোর্টার, হলদিয়া: অন্য যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগে স্ত্রীকে খুন করল স্বামী। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার সুখলালপুর গ্রামের এই ঘটনায় খুনি স্বামী দিল মহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের নাম আসমা বিবি(১৯)। সোমবার মাঝরাতে বালিশ চাপা দিয়ে, গলার নলি কেটে এবং শিরদাঁড়ায় রড দিয়ে আঘাত করে আসমাকে খুন করে দিল বলে পুলিশ সূত্রে খবর৷ তারপরই গা ঢাকা দেয় সে। মঙ্গলবার সকালে ঘরের ভিতর থেকে উদ্ধার হয় আসমার রক্তাক্ত লাশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং উদ্ধার করে দেহ।

ঘটনার পর থেকে দিল মহম্মদ উধাও হয়ে যাওয়ার জন্য তার ওপর নজর গিয়ে পড়ে পুলিশের। কোলাঘাটে আত্মগোপন করে থাকা অবস্থায় এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। জেরায় খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছে দিল। খুনের কারণ আসমার অবৈধ সম্পর্ক বলেও জানিয়েছে সে।

পড়শী যুবক যুবতী আসমা-দিলের বিয়ে হয়েছিল তিন বছর আগে। তাদের দেড় বছরের ছেলেও রয়েছে৷ জানা গিয়েছে, আসমা অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি করে৷ যা জানাজানি হওয়ার পর থেকে অশান্তি শুরু হয় দিল আর আসমার মধ্যে। সন্তানকে নিয়ে বাপেরবাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন আসমা।

সোমবার রাতে সালিশি বসেছিল সেই অশান্তি মেটাতে। তারপরই মাঝরাতে ঘটে এই ঘটনা। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

The post অন্য যুবকের সঙ্গে সম্পর্কের সন্দেহ, স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2LexmMn
via IFTTT

Comments