ঝড়ে লন্ডভন্ড সবজি খেত, উড়ে গিয়েছে বাড়ির ছাদ

স্টাফ রিপোর্টার, তমলুক: সোমবার থেকেই বৃষ্টির তাণ্ডব চলছিল পূর্ব মেদিনীপুরেও। মেঘ কালো আকাশে মঙ্গলবার ও বুধবার হয়েছিল হালকা ঝড়বৃষ্টি। কিন্তু বৃহস্পতিবার ভোরের মুষলধারায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে কার্যত লণ্ডভণ্ড অবস্থা তমলুক, নন্দীগ্রাম, মহিষাদল কাঁথি ও এগরার সহ বিভিন্ন এলাকা৷

বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে তমলুকের বিস্তীর্ণ অংশে। এতে সর্ষে, মুসুরি ও সবজির ব্যপক ক্ষতি হয়েছে। কাঁথি ৩ ব্লকের ধান্দালিবাড়, পূর্ব ধান্দালিবাড়, নীলপুর এবং মশাগাঁতেও ক্ষতি পরিমাণ বিপুল হয়েছে। এগরা পুরসভা ও দুটো ব্লকের বহু এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে কোথাও ঘরের টিনের ছাউনি উড়েছে। কোথাও পোলট্রির ঘর ভেঙে পড়েছে। বহু বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। গাছের গুঁড়ি উপড়ে গিয়েছে। গাছের ডাল মাঝ বরাবর ভেঙে গিয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। কয়েকটি গরু-ছাগল মারা গিয়েছে। বসন্তের শুরুতেই এমন দুর্যোগের ঘনঘটায় ব্যতিব্যস্ত সকলে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাঁথি ৩ ব্লক এলাকায় ৬০ টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের ত্রাণ ও ত্রিপলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশচন্দ্র বেজ বলেন, ‘ভোর সাড়ে ৫ টা নাগাদ ঝোড়ো হাওয়া বইছিল। অনেক জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। গাছ পড়ে কয়েকটি জায়গায় গবাদিপশুর মৃত্যু হয়েছে। ৬০ টি বাড়ি ভেঙে পড়েছে। আমরা নামের তালিকা সংগ্ৰহ করেছি। ক্ষতিপূরণের আবেদন জানান হবে রাজ্য সরকারের কাছে।’

ভোরের এই ঝোড়ো বাতাসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এগরা পুরসভার কৃষ্ণসাগর পুকুরপাড়ে প্রবীণ ও শিশুদের জন্য গড়ে ওঠা রোড সেফটি পার্কের গার্ডওয়াল। রাজ্য পরিবহণ দফতরের ৪৪ লক্ষ টাকা খরচে তৈরি হওয়া এই পার্কটি গত ডিসেম্বরে উদ্বোধন হয়েছিল। কাজে গাফিলতির অভিযোগ তুলে পার্কের দায়িত্বে থাকা ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করেছে পুরপ্রশাসন৷

The post ঝড়ে লন্ডভন্ড সবজি খেত, উড়ে গিয়েছে বাড়ির ছাদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2H6syVN
via IFTTT

Comments