কঠিন সময় দ্রাবিড়কে পাশে পেয়েছিলেন রাহুল

বেঙ্গালুরু: ‘কফি উইথ করণ’। টেলিভিশনের জনপ্রিয় এই চ্যাট-শোয়ের হাত ধরে মাসদুয়েক আগে খাঁড়া নেমে এসেছিল তাঁর কেরিয়ারে। দুঃসময় কাটিয়ে দ্রুত আন্তর্জাতিক কেরিয়ারে কামব্যাক করলেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তনটা ভালোই করলেন এই কর্নাটকী ব্যাটসম্যান। দু’ম্যাচে রাহুলের ব্যাট থেকে এসেছে যথাক্রমে দুরন্ত ৫০ এবং ৪৭ রানের ইনিংস। তবে দুঃসময় ক্রিকেটে ফোকাস ফেরাতে রাহুল সান্নিধ্য পেয়েছিলেন আরেক রাহুলের। হ্যাঁ, তিনি রাহুল শারদ দ্রাবিড়। বেঙ্গালুরু ম্যাচের পর সেকথা স্বীকার করে নিলেন জাতীয় দলের এই ওপেনার।

নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করার আগে প্রস্তুতি হিসেবে ভারতীয় ‘এ’ দলের হয়ে গা ঘামান লোকেশ রাহুল। ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে একটি টেস্টে অধিনায়কত্বের ব্যাটনও ছিল রাহুলের হাতে। আর রাহুলদের হেডস্যারের দায়িত্বে ছিলেন সিনিয়র রাহুল অর্থাৎ রাহুল দ্রাবিড়। ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে দুটি আনঅফিসিয়াল টেস্টে রাহুলের ব্যাট থেকে এসেছিল জোড়া অর্ধশতরান। যার মধ্যে দ্বিতীয় টেস্টে তাঁর নেতৃত্বে তরুণ ভারতীয় ‘এ’ দল ম্যাচ জিতে নেয়। সেই ম্যাচে বাংলার অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে তাঁর ১৭৮ রানের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

বেঙ্গালুরু ম্যাচের পর রাহুল জানালেন, ‘ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলার সময় দ্রাবিড় স্যারের সঙ্গে সময় কাটানোর সুযোগ কাজে লেগেছে। ক্রিকেট নিয়ে দীর্ঘক্ষণ আলোচনে খেলায় মনোসংযোগ ফেরাতে সাহায্য করেছে। ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলার সময় তাঁর পরামর্শ সাহায্য করেছে অনেকটাই। নীল জার্সিতে সতীর্থদের মাঝে ফিরতে পেরে ভালোলাগছে।’

উল্লেখ্য জনপ্রিয় টেলেভিশন চ্যাট-শোয়ে গিয়ে মহিলাদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় প্রাথমিকভাবে লোকেশ রাহুল ও তাঁর জাতীয় দলের সতীর্থ হার্দিক পান্ডিয়াকে নির্বাসনে পাঠায় বিসিসিআই। তড়িঘড়ি তাদের ফিরিয়ে আনা হয় অস্ট্রেলিয়া সফর থেকে। পরে শর্তসাপেক্ষে নির্বাসনমুক্ত হয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পান দুই ক্রিকেটার।

এই প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল জানান, ‘নিঃসন্দেহে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। মানুষ জীবণে এমন অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়। আমিও গিয়েছি। তবে এই ঘটনা ক্রিকেটে মনোসংযোগ ফেরাতে সাহায্য করেছে। জীবণে ঘটে যাওয়া যে কোনও ঘটনা আমি সাদরে গ্রহণ করতে পছন্দ করি।’ একইসঙ্গে রাহুলের সংযোজন, ‘প্রত্যেক খুদে ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের জার্সি গায়ে ক্রিকেট খেলার। তাই ক্রিকেটের মাধ্যমে দেশকে সেবা করার যেটুকু সুযোগ পেয়েছি, তা কাজে লাগাতে চাই। মাথা নীচু করে ক্রিকেটেই ফোকাস করে যেতে চাই।’

উল্লেখ্য, রাহুল-কোহলি-ধোনির ব্যাটিং বিক্রমেও দ্বিতীয় একদিনের ম্যাচে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয় মেন ইন ব্লু। ভারতের ১৯০ রানের জবাবে দু’বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান হাসিল করে নেয় অস্ট্রেলিয়া। ফলস্বরূপ ভারতের মাটিতে প্রথমবারের জন্য দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ জিতে নেয় অজিরা। শেষ বলের থ্রিলারে প্রথম ম্যাচে ৩ উইকেটে পরাজিত হয় বিরাটবাহিনী।

The post কঠিন সময় দ্রাবিড়কে পাশে পেয়েছিলেন রাহুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TmeeyW
via IFTTT

Comments