আইপিএলের আগে বিধ্বংসী ঋদ্ধি

কটক: কাঁধে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফেরা যাবৎ বড় রানের হদিশ পাচ্ছিলেন না ঋদ্ধিমান সাহা৷ অথচ আইপিএলের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে বড় ইনিংসের প্রয়োজন ছিল বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যানের৷ সৈয়দ মুস্তাক আলি টি-২০’র গ্রুপ লিগের প্রথম চারটি ম্যাচে মিডল অর্ডারে নেমে ব্যর্থ হয়েছেন৷ গেম প্ল্যান বদলে বাংলা টিম ম্যানেজমেন্ট ঋদ্ধিকে ওপেনে ফেরাতেই আসে সাফল্য৷

আরও পড়ুন: বালাকোট এয়ার স্ট্রাইক: ভারতীয় বায়ুসেনাকে স্যালুট সচিনের

অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন ঋদ্ধিমান৷ আগ্রাসী শতরান করে বাংলাকে পৌঁছে দিলেন বড় রানের লক্ষ্যে৷

মাত্র ২২ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন ঋদ্ধি৷ তিন অঙ্কের রানে পৌঁছতে খরচ করেন আরও ২৫টি বল৷ অর্থাৎ ৪৭ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে যান তিনি৷ শেষমেষ ৬২ বলে ১২৯ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হন ঋদ্ধিমান৷ গোটা ইনিংসে ১৬টি চার ও ৪টি ছক্কা মারেন টিম ইন্ডিয়ার কক্ষপথ থেকে সাময়িকভাবে ছিটকে যাওয়া উইকেটকিপার৷

আরও পড়ুন: পাকিস্তানকে কোণঠাসা করতে বিশেষ ভাবনা বোর্ডের

টি-২০ ক্রিকেটে ঋদ্ধির এটি দ্বিতীয় শতরান৷ এর আগে ২০১৪ আইপিএলের ফাইনালে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি৷ যদিও কলকাতা নাইট রাইডার্স ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয় সেবার৷

মূলত ঋদ্ধিমানের শতরানে ভর করেই বাংলা অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে৷ ছ’নম্বরে ব্যাট করতে নেমে বিবেক সিং ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪৯ রান করেন৷ এছাড়া চার নম্বরে ব্যাট করতে নেমে অভিমন্যু ঈশ্বরণ ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন৷ তিনি একটি চার ও একটি ছক্কা মারেন৷

আরও পড়ুন: কোহলিকে চ্যালেঞ্জ বুমরাহ’র

বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷ ঋত্ত্বিক রায়চৌধুরি ৯, মনোজ তিওয়ারি ২ ও শ্রীবৎস গোস্বামী ৮ রান করে আউট হন৷ শাহবাজ আহমেদ ৩ ও অভিষেককারী অয়ন ভট্টাচার্য ১ রানে অপরাজিত থাকেন৷

জবাবে ব্যাট করতে নেমে অরুণাচলপ্রদেশ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি তুলতে পারেনি৷ ক্ষিতীজ শর্মা ৩৯ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন৷ বাংলা ১০৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায়৷

The post আইপিএলের আগে বিধ্বংসী ঋদ্ধি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Hb2Mjp
via IFTTT

Comments