অর্পিতা ঘোষকে প্রার্থী চায় না জেলা তৃণমূলের একাংশ, শুরু কোন্দল
স্টাফ রিপোর্টার, বালুরঘাট: সীমান্তে যখন পাকিস্তানকে যোগ্য জবাব দিতে ভারতীয় সেনা ব্যস্ত। আমজনতার মুখে যখন শুধুই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শত্রু নিধনের আলোচনা। তখন লোকসভার প্রার্থী কে হবেন তা নিয়ে নিজেদের মধ্যে কোন্দলে ব্যস্ত তৃণমূলের নেতা, কর্মীরা৷।
বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবারে প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলের অভ্যন্তরে শুরু হয়েছে জোড় লড়াই। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে নিজেদের মধ্যেকার সেই লড়াইয়ের বহিঃপ্রকাশ ঘটেছে সোশ্যাল মিডিয়াতেও। গতবারের নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের অর্পিতা ঘোষ। কিন্তু এবার কে? তা নিয়েই শুরু শাসক দলের
অন্দরে জল-ঘোলা৷

সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচে অর্পিতা ঘোষ অন্যদের তুলনায় এগিয়ে থাকলেও দলীয় প্রতিনিধি হিসেবে বিগত পাঁচ বছরে তাঁর ভূমিকায় মোটেই খুশি নন দলেরই একাংশ। এই মুহূর্তে শাসক দলের প্রার্থী নিয়ে গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে দক্ষিণ দিনাজপুরে।
কর্মীদের একাংশ ইতিমধ্যেই জেলা সভাপতি বিপ্লব মিত্রকে প্রার্থী করার দাবি তুলে ফেসবুক হোয়াটস অ্যাপে প্রচার শুরু করে দিয়েছেন। অন্যদিকে অর্পিতা ঘোষের লোকেদের তরফেও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় পালটা প্রচার। প্রার্থী নিয়ে শাসক দলের অভ্যন্তরের এই কোন্দলে এবারের নির্বাচনে পদ্ম ফোটার সম্ভাবনা দেখছেন
রাজনৈতিক বিশ্লেষকরা।
তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় গতবার বালুরঘাট কেন্দ্রে প্রার্থী করেছিলেন নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষকে। সেইবার বাম কংগ্রেস ও বিজেপির প্রার্থী ছিলেন যথাক্রমে বিমলেন্দু সরকার, ওমপ্রকাশ মিশ্র এবং গৌতম চক্রবর্তী। দলীয় সভাপতি বিপ্লব মিত্রের নেতৃত্বে লাল দুর্গ বলে পরিচিত বালুরঘাট আসনে ২০১৪ সালে ১,০৬,৯৬৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন অর্পিতা ঘোষ। লাল দুর্গকে ভেঙ্গে বালুরঘাট লোকসভা আসনটি ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেইবার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ পেয়েছিল ৪,০৯,৬৪১ ভোট। বামেদের বিমলেন্দু সরকার পেয়েছিলেন ৩,০২৬৭৭ ভোট।

সম্প্রতি নজরুল মঞ্চে তৃণমূল সুপ্রিম দলীয় সভায় রীতিমত নির্দেশ জারি করে দিয়েছেন এবারে বাংলার ৪২ আসনের সবক’টি আসনই তাঁর চাই। নেত্রীর এই নির্দেশে বালুরঘাট আসনে অর্পিতা ঘোষের জয় নিয়ে শঙ্কার মধ্যে পড়েছেন দলীয় নেতৃত্ব। কারণ বিজেপি এবারে পাখির চোখ করেছে বালুরঘাট আসনকে। সেলিব্রেটি বা হেভিওয়েট কাউকে এই আসনে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। তবে বিজেপির প্রতিপক্ষ হিসাবে তৃণমূল কর্মীরাই চাইছেন অর্পিতাকে নয়, জেলা সভাপতি বিপ্লব মিত্রকে এবার টিকিট দেওয়া হোক।
অর্পিতা ঘোষকে এবারে টিকিট না দেওয়ার দাবি তুলে দলীয় কর্মীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট লিখে শেয়ার করতে শুরু করেছেন। তাতে অভিযোগ করা হয়েছে যে কথা ছিল ভোটে জিতলে এলাকার মানুষের স্বার্থে অর্পিতা ঘোষ বালুরঘাটে স্থায়ীভাবে বসবাস করবেন। জেলার মানুষকে বোকা বানাতে ভোটের আগে তিনি গঙ্গারামপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেও শুরু করেছিলেন। ২০১৪-র নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি বেশির ভাগ সময় কলকাতাতেই থাকেন।
বালুরঘাটে স্থায়ীভাবে বসবাস তো দূর উলটে জেলায় এসে ভিআইপি মর্যাদায় পাইলট স্কট ও সার্কিট হাউজ ব্যবহার করেন। ফের লোকসভা নির্বাচন আসতেই তিনি এবার বালুরঘাটে ঘর ভাড়া নিয়ে ফের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন বলে কর্মীদের অভিযোগ। এরকম পরিস্থিতিতে বিজেপিকে ঠেকাতে হলে বিপ্লব মিত্রকেই প্রার্থী করার দাবিও তুলেছেন কর্মীরা। দলীয় সূত্রের জানা গিয়েছে কর্মীদের ক্ষোভ আঁচ করতে পেরে সভাপতি বিপ্লব মিত্র নিজেও তৃণমূল ভবনে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বালুরঘাট আসনে স্থানীয় কাউকে প্রার্থী করা হোক।

বৃহস্পতিবার তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র এবিষয়ে জানিয়েছেন, বাইরের কাউকে নয়। দলীয় কর্মীরা ও সাধারণ মানুষও চাইছেন যে জেলার ভূমিপুত্র কাউকে এবারে তৃণমূলের প্রার্থী করা হোক। যা কলকাতায় তিনি জানিয়েও দিয়েছেন। কর্মীরা তাঁদের মত করে দাবি তুলেছেন। কোথায় কে হবেন প্রার্থী তা একমাত্র মমতা বন্দোপাধ্যায়ই ঠিক করবেন। নেত্রীর সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে দলীয় প্রার্থীকে জয়ী করাতে তিনি বদ্ধ পরিকর বলেও বিপ্লব মিত্র জানিয়েছেন।
এদিকে বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ জানান, সাধারণ মানুষের সাথে সম্পর্ক ও উন্নয়নমূলক কাজে তিনি কোথাও কোন খামতি রাখেননি। সাংসদ হিসেবে পাঁচ বছরে যা কিছুই করেছেন তা মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়েই করেছেন। সুতরাং এক্ষেত্রেও নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। তাছাড়াও প্রতিটা নির্বাচনের আগে
এই ধরণের ভিত্তিহীন প্রচার হয়েই থাকে। এগুলোকে তিনি মোটেও পাত্তা দিতে চান না।
The post অর্পিতা ঘোষকে প্রার্থী চায় না জেলা তৃণমূলের একাংশ, শুরু কোন্দল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2II9ujf
via IFTTT
Comments
Post a Comment