‘Baby’-রিয়েল হিরো অক্ষয় নন পুলিশ কমিশনার রাজীব কুমার

বিশেষ প্রতিবেদনঃ  এমনও মনে করা হয় অক্ষয় কুমারের বেবি চলচ্চিত্র নাকি কুখ্যাত বাংলাদেশি দুষ্কৃতি সুব্রত বায়েনকে গ্রেফতার করার ঘটনাকে নিয়েই তৈরি৷ তবে সেদিনের সেই ঘটনায় অন্যতম ভূমিকা নেওয়া রাজীব কুমার এখন তৈরি হচ্ছেন সিবিআইয়ের গুচ্ছ গুচ্ছ কঠিন প্রশ্নের উত্তর দিতে৷

সারদা চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করা হবে শিলংয়ে৷ সিবিআই বনাম পশ্চিমবঙ্গ সরকারের এই মুখোমুখি অবস্থান আদতে মোদী-মমতার সম্মুখ সমরের একটা পর্ব৷ মুখ্যমন্ত্রীর ভাষায়- বেশকিছু তদন্তে আন্তর্জাতিক ক্ষেত্রে সফলতা পাওয়া রাজীব কুমারকে হেনস্থা করে কেন্দ্র আসলে রাজ্যকে দাবিয়ে রাখতে চাইছে৷

যে দুষ্কৃতির গতিবিধি বাংলাদেশ-ভারত-নেপাল হয়ে সংযুক্ত আরব আমিরশাহী এবং আরও কিছু দেশে ছড়িয়ে সেই সুব্রত বায়েন আসলে বাংলাদেশি৷ তার বাড়ি খুলনায়৷ একাধিক খুন, গ্যাং ওয়ারের নাম জড়িয়ে৷ ঢাকার মস্তান রাজের বিরুদ্ধে সবথেকে চাঞ্চল্যকর অভিযোগ-বঙ্গবন্ধু কন্যা তথা এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা খুনের চেষ্টা করা৷ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতে জঙ্গি সংগঠন হুজি-বি (হরকত উল জিহাদি ই ইসলামি-বাংলাদেশ) ২০০৪ সালে প্রকাশ্যে শেখ হাসিনাকে মেরে ফেলার (তখন তিনি বিরোধী নেত্রী) পরিকল্পনা করে৷ হামলায় অনেকের মৃত্যু হলেও বেঁচে গিয়েছেন হাসিনা৷ পরে তদন্তে উঠে আসে গ্রেনেড হামলায় সুব্রত বায়েন জড়িত৷

বাংলাদেশি ‘ডন দাউদ’ সুব্রত: আগে থেকেই ঢাকা মহানগর পুলিশের খাতায় সুব্রত বায়েন ‘বাংলাদেশের দাউদ’ নামে কুখ্যাত৷ ২০০৪ সালের ঢাকায় গ্রেনেড হামলার পরে কুখ্যাত সুব্রত বায়েন ভারতে অনুপ্রবেশ করে৷ মহম্মদ আলি নাম নিয়ে কলকাতা সংলগ্ন এলাকায় জাল নোট পাচার, সীমান্ত পারের স্মাগলিং এবং অস্ত্র পাচারের কাজটি চালিয়ে যাচ্ছিল৷

সেই বিখ্যাত অভিযান:

২০০৮ সালের ঘটনা৷ তখন কলকাতায় এসটিএফের যুগ্ম কমিশনার ছিলেন রাজীব কুমার৷ তাঁর নেতৃত্বেই শুরু হয় সুব্রত বায়েনকে ধরার অভিযান৷ পরিস্থিতি গরম বুঝতে পারে সুব্রত বায়েন৷ কলকাতা থেকে পালিয়ে নেপাল চলে যায়৷ গোপনে রাজীব কুমারের নির্দেশে শুরু হয় আন্তর্জাতিক অভিযান৷ তবে কিছু তথ্যের গাফিলতি হওয়ায় নেপালে প্রবেশের পরেই কলকাতা পুলিশের টিমকে গ্রেফতার করে সেদেশের সরকার৷ ধরা পড়ে সুব্রত ওরফে মহম্মদ আলি৷ পরে সব বুঝতে পারেন নেপালি পুলিশে আধিকারিকরা৷ ছেড়ে দেওয়া হয় কলকাতা এসটিএফ টিমকে৷

নেপালেও সুব্রত বায়েনের খেল:

নেপালি পুলিশ বন্দি করলেও আন্তর্জাতিক আইনের বলে সরাসরি সুব্রত বায়েনকে কলকাতার এসটিএফের হাতে তুলে দেওয়া হয়নি৷ সেই সুযোগের অপেক্ষায় ছিল কুখ্যাত এই বাংলাদেশি দুষ্কৃতি৷ নেপাল থেকেই সে পালিয়ে যাওয়ার ছক করে৷ জেলেই অন্যান্যদের হাত করে নিয়ে ৭০ ফুটের সুড়ঙ্গ তৈরি করে৷ তারপর সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায় সুব্রত বায়েন৷

সেয়ানে- সেয়ানে খেল: কাঠমান্ডু থেকে এই খবর ছড়াতেই মাথায় আকাশ ভেঙে পড়েছিল রাজীব কুমারের৷ অন্যদিকে ঢাকার পুলিশ কর্তারাও চিন্তায় পড়েছিলেন৷ তবে তদন্ত চালিয়ে গিয়েছিলেন রাজীব কুমার ও তাঁর অন্যান্য সহযোগীরা৷ কিন্তু সুব্রত বায়েন যেন কর্পূরের মতো উবে গিয়েছিল৷ এরকম সময়ে সোর্স খবর দিয়েছিল ফের কলকাতায় সক্রিয় সুব্রত৷ ভারতীয় স্ত্রীর সঙ্গেই রয়েছে৷ ২০১৩ সালে বিভিন্ন সূত্র যাচাই করে সুব্রতকে গ্রেফতার করা হয়৷ অবশেষে জালে পড়ে শেখ হাসিনাকে খুনের পরিকল্পনা করা, তথা আন্তর্জাতিক বাংলাদেশি ডন৷

প্রযুক্তি বিজ্ঞানের সুযোগ্য ছাত্র রাজীব কুমার আইপিএস হয়ে অপরাধী দমনে নিজের বিদ্যে ব্যবহারে ওস্তাদ৷ কুখ্যাত সুব্রত বায়েন ওরফে মহম্মদ আলি ওরফে ‘বাংলাদেশি ডন দাউদ’-কে ধরার সময়েও তিনি বিভিন্ন প্রযুক্তিগত প্রক্রিয়া ব্যবহার করেছিলেন৷ তাতে সফলতার পথ খুলেছিল৷

The post ‘Baby’-রিয়েল হিরো অক্ষয় নন পুলিশ কমিশনার রাজীব কুমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Sw4x0x
via IFTTT

Comments