নয়া সিবিআই প্রধানের টেবিলে সারদা ফাইল জমা দিলেন গোয়েন্দারা
নয়াদিল্লি-কলকাতাঃ সারদা চিটফান্ড-কান্ডে চাঞ্চল্যকর মোড়। হুলস্থুল গোটা দেশ। এই অবস্থায় কোমর বেঁধে নামছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা। আজ সোমবার সকালেই তাই তড়িঘড়ি দিল্লি উড়ে গিয়েছেন কলকাতার দুই সিবিআই কর্তা। সারদার সমস্ত ফাইল, নথি তাঁরা নিয়ে গিয়েছেন। ইতিমধ্যে সেই ফাইল নয়া সিবিআই প্রধান ঋষিকুমার শুক্লার টেবিলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আজ সোমবার থেকেই এই পদের দায়িত্ব নিয়েছেন তিনি।
জানা যাচ্ছে চিটফান্ড সংক্রান্ত সমস্ত ফাইল, নথি খতিয়ে দেখবেন সিবিআই প্রধান। এরপর কলকাতার তদন্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। আর তারপরেই পরবর্তী রণকৌশল ঠিক হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।

এদিনের শুনানিতে আদালত রাজীব কুমারের বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ, নথি জমা দেওয়ার ইঙ্গিত দিয়েছে। আর সেই প্রমাণ জমা দিলে কড়া থেকে কড়া শাস্তির নির্দেশও আদালত জানাবে বলে শুনানিতে ইঙ্গিত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ফলে, কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে জোড়াল প্রমাণ কীভাবে সুপ্রিম কোর্টে জমা দেওয়া যায় তা নিয়েই সিবিআই আধিকারিক এবং প্রধান ঋষিকুমার শুক্লার মধ্যে আলোচনা হতে পারে।
এছাড়াও সিবিআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে এই সংঘাতের পরিস্থিতিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সিবিআই। ফলে যেভাবে প্রকাশ্যে রাস্তায় কলকাতা পুলিশ সিবিআই আধিকারিকদের হেনস্তা করে, এবং চুলের মুঠি ধরে গাড়িতে তোলে সেই বিষয়টিকেও বেশ গুরুত্ব দিচ্ছেন সিবিআই প্রধান। ইতিমধ্যে সেই সংক্রান্ত ফুটেজ তিনি দেখেছেন বলে জানা গিয়েছে। আগামীকাল মঙ্গলবার আদালতে সেই ফুটেজ সিবিআই সুপ্রিম কোর্টে জমা দিতে পারে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রবিবার সন্ধেয় শুরু হয় এই সংঘাত। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। এরপরই ঘটনা নাটকের চেহারা নেয়। রাজীব কুমারের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা। এই মুহূর্তে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তিনি।
রাতেই সল্টলেকের সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেসের নিরাপত্তার দায়িত্ব চলে যায় কেন্দ্রীয় বাহিনীর কাছে। রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সিবিআই দফতরগুলির নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেন্ট্রাল ফোর্স।
The post নয়া সিবিআই প্রধানের টেবিলে সারদা ফাইল জমা দিলেন গোয়েন্দারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2S9LBFe
via IFTTT
Comments
Post a Comment