ধর্নায় নেই অভিষেক, বাড়ছে জল্পনা

স্টাফ রিপোর্টার, কলকাতা: মঞ্চে মুখ্যমন্ত্রী৷ চারদিকে দিদি দিদি স্লোগান৷ তার মাঝেই এল সুপ্রিম কোর্টের রায়৷ তাতেই নৈতিক জয় দেখছেন মুখ্যমন্ত্রী৷ তবু জনতার কৌতুহলী চোখ অনবরত খুঁজছে কাউকে৷ কোথায় তিনি? সাংবাদিকের প্রশ্নের জবাবেই বেড়িয়ে এল তাঁর নাম৷ তিনি শাসক দলের যুবরাজ৷ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

তিনি-ই তো দলের আগামীর ভবিষ্যৎ৷ দলের যুব শাখার প্রধান৷ তাহলে তাঁর দেখা নেই কেন? প্রশ্ন ধর্নার উপস্থিত তৃণমূলের বহু তরুণ মুখের৷ কথায় বলে দেওয়ালেরও কান আছে৷ কর্মীদের কথা মুখে মুখে পৌঁছে গিয়েছে তৃণমূল নেতৃত্বের কানে৷ কিন্তু কৌতুল নিরসণে টু শব্দটি নেই তাদের মুখে৷

রবি থেকে মঙ্গল৷ পার হয়ে গিয়েছে দু’দিন৷ ধর্নায় দেখতে পাওয়া যায়নি যুব তৃণমূল সভাপতিকে৷ অথচ এযাবৎ কালের বড়বড় দলীয় কর্মসূচির হোতা তো যুবরাজই৷ লোকসভার প্রচারের দায়িত্বেও তিনি৷ খোদ দলনেত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন দায়িত্ব পালনের৷ যে ধর্নার খবর গত দুদিন ধরে দেশের আনাচে কানাচে ঘোরাফেরা করছে সেখানে অভিষেকের না থাকাটা যেন বড্ড বেমানান৷

কান-পাতলে আবার উঠে আসছে আশঙ্কার কথাও৷ সিবিআই তৎপরতার পিছনে নাকি ইন্ধন রয়েছে একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়৷ বর্তমানে বিজেপি নেতা তিনি৷ রটনা মুকুলের তৃণমূল ত্যাগের পেছনেও নাকি ছিল অভিষেকের হাত৷ ফলে তাঁদের সম্পর্ক সাঁপে নেউলে৷ অন্যদিকে, বিরোধী তৃণমূলকে চাপে ফেলতে সিবিআইকে ব্যবহার করছে কেন্দ্র৷ অভিযোগ তৃণমূল সুপ্রিমোর৷ এই পরিস্থিতিতে তাই অভিষেককে সামনে আনতে চাইছেন না মমতা৷ ফলে মেঘনাদ হয়েই দলের সঙ্গে রয়েছেন অভিষেক৷

জল্পনা তুঙ্গে উঠলেও যুবরাজের অনুপস্থিতি নিয়ে অবশ্য মুখ খোলেনি তৃণমূল৷ জানা গিয়েছে, বাড়িতেই আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ চোখের চিকিৎসায় গিয়েছিলেন সিঙ্গাপুর৷ কলকাতায় ফিরেছেন দিন দুয়েক আগেই৷ তাহলে গত দু’দিন কেন এড়িয়ে গেলেন নেত্রীর ধর্না মঞ্চ? প্রশ্ন দলের কর্মীদের মনে৷

The post ধর্নায় নেই অভিষেক, বাড়ছে জল্পনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2D6C47H
via IFTTT

Comments