‘মেট্রো চ্যানেলে সমাবেশ নিষিদ্ধ করে মমতা কীভাবে ধর্নায় বসলেন…’

স্টাফ রিপোর্টার, কলকাতা: ক্ষমতায় আসার পর ধর্মতলার মেট্রো চ্যানেলে সমাবেশ নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপর থেকে রাজ্যের কোনও বিরোধী দলকেই মেট্রো-চ্যানেলে সভা-সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ৷ অথচ সেই মেট্রো চ্যানেলেই ধর্নায় বসলেন খোদ মুখ্যমন্ত্রী৷ যা দেখে তেতে উঠছে বিরোধীরা৷

রবিবার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবারও সেই ধর্না চলছে৷ ট্রাফিক পুলিশদের হাজারো চেষ্টা সত্ত্বেও শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় মাঝেমধ্যেই যানজট সমস্যা হচ্ছে৷ যার প্রভাব পড়ছে গোটা কলকাতায়৷

মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ে ধর্না নিয়ে সমালোচনায় মুখর হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি৷ তাদের বক্তব্য, মেট্রো চ্যানেলে সমাবেশ নিষিদ্ধ করতে মুখ্যমন্ত্রী নিজেই সর্বদল বৈঠক ডেকেছিলেন৷ বিরোধীরা তাঁর প্রস্তাব মেনে নিলেও তিনি নিজে এখন সেটা মানছেন না৷ বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “উনি সবসময় আইনের উর্ধে৷ আইন ওনার নীচে থাকে৷ একজন মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে আইন ভাঙতে পারে এটা তার প্রমাণ৷”

এখানেই থামেননি রাহুল সিনহা৷ তিনি বলেন, “রাজীব কুমার একজন পুলিশ অফিসার৷ মুখ্যমন্ত্রীর অধস্তন কর্মচারী৷ রাজীব কুমারের জন্য মুখ্যমন্ত্রী কেন রাস্তায় বসছেন? পুলিশ কমিশনার তো গ্রেফতারও হননি৷ আসলে মুখ্যমন্ত্রী জানেন উনি মুখ খুললে তাঁর অবস্থা খারাপ হয়ে যাবে৷ আর যদি তৃণমূল নেত্রী হিসেবে ধর্নায় বসেন তাহলে এক মঞ্চে পুলিশ ধর্নায় বসতে পারে না৷ ভয় পেয়ে এসব আইন বিরুদ্ধ কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷”

বিধানসভায় সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ব্যঙ্গ করে বলেন, ‘শিব ঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে!’ একথাটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানেন৷

The post ‘মেট্রো চ্যানেলে সমাবেশ নিষিদ্ধ করে মমতা কীভাবে ধর্নায় বসলেন…’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RCwO0F
via IFTTT

Comments