ভবিষ্যতে আরও বেশি টাকা দেবে কেন্দ্র: জেটলি

নয়াদিল্লি: কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে অন্তবর্তী বাজেটে। আর মোদী সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিরোধীরা। কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, আসলে দিনে ১৭ টাকা করে দেওয়া হচ্ছে কৃষকদের। তাঁর এই মন্তব্যের জবাব দিলেন অরুণ জেটলি।

অসুস্থ হওয়ায় আপাতত বিদেশে চিকিৎসাধীন জেটলি। তাঁর বদলে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল। তবে বাজেটের পর থেকে একাধিক প্রতিক্রিয়া দিয়েছেন জেটলি।

কৃষকদের জন্য তৈরি করা এই সরকারি যোজনা প্রসঙ্গে জেটলি বলেন, মাসে ৫০০ টাকা করে আপাতত দেওয়া হচ্ছে ছোট কৃষকদের। আগামিদিনে পরিস্থিতির পরিবর্তন হলে সেই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। তিনি আরও উল্লেখ করেন যে ১২ কোটি কৃষক এই ৬০০০ টাকা করে পাওয়ার পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্পের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা পরিষেবা, গ্যাস কানেকশন পাবেন।

একইসঙ্গে রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিরোধীদের বোঝা উচিৎ যে তাঁরা একটা জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন, কোনও কলেজ ইউনিয়নের ভোটে নয়।’

বাজেটে অর্থমন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেন, ২ হেক্টরের কম জমির মালিকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে৷ বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দিয়ে দেওয়া হবে৷ জোর গলায় পীযূষ গোয়েল দাবি করেন, কৃষকদের রোজগার দ্বিগুণ করা হয়েছে৷ পাশাপাশি আর্থিক ঘাটতি ৩.৪ শতাংশ কমেছে৷

সেই ঘোষণাকেই হাতিয়ার করে বাজেট বিরোধীতায় সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ বাজেটে কৃষকদের জন্য ঘোষণা আদতে তাদের অপমান বলে জানিয়েছেন রাহুল গান্ধী৷ তিনি বলেন, বাজেটের যে ঘোষণা তাতে প্রতিদিন কৃষকরা পাবেন ১৭ টাকা৷ এই ঘোষণা আসলে কৃষক ও তাদের কাজকে অপমান করা৷’

The post ভবিষ্যতে আরও বেশি টাকা দেবে কেন্দ্র: জেটলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2HOlcbu
via IFTTT

Comments