পঞ্চবাণে প্রথম চারে চেলসি

লন্ডন: বৌর্নমাউথের কাছে চার গোলে হারের ধাক্কা কাটিয়ে প্রিমিয়র লিগে ঘুরে দাঁড়াল চেলসি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে হাডার্সফিল্ডকে পাঁচ গোলে বিধ্বস্ত করল তারা। জোড়া গোল করলেন হিগুয়েন ও হ্যাজার্ড। একটি গোল দাভিদ লুইজের।

লিগ টেবিলে প্রথম চারে ফিরে আসার ম্যাচে চেলসির হয়ে এদিন গোলের খাতা খোলেন নবাগত স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এসি মিলান থেকে লোনে এই আর্জেন্তাইন স্ট্রাইকারকে দলে নিয়েছে লন্ডনের ক্লাবটি। শনিবার নতুন ক্লাবের জার্সিতে দ্বিতীয় আবির্ভাবে প্রথম গোল করলেন হিগুয়েন। ১৬ মিনিটে কান্তের বাড়ানো বল ধরে বক্সের মধ্যে কোনাকুনি জোরালো ভলিতে এযাত্রায় বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্তাইন ফুটবলার।

আরও পড়ুন: হেরে ভারত অধিনায়কের মুখে সরকারি উপেক্ষার গল্প

এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের মধ্যে বল পায়ে আগুয়ান অ্যাজপিলিকুয়েটাকে ফাউল করে বসেন এক বিপক্ষ ডিফেন্ডার। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইডেন হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধে বিপক্ষের কফিনে আরও তিনটি পেরেক পোঁতে ব্লুজরা। যার শুরুটা করেন হ্যাজার্ড। ৬৬ মিনিটে দুরন্ত একটি থ্রু বল নিজের দখলে নিয়ে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বাঁ-পায়ের কোনাকুনি শটে বল জালে রাখেন এই বেলজিয়ান মিডিও।

আরও পড়ুন: প্রেম নয়, ফেব্রুয়ারিতে ফুটবলপ্রেমীদের জন্য শুধুই এল ক্লাসিকো

এর ঠিক তিন মিনিট বাদেই নিজের দ্বিতীয় তথা দলের হয়ে চতুর্থ গোলটি করেন হিগুয়েন। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে জাত চেনান মেসির দেশের এই স্ট্রাইকার। ৬৯ মিনিটে এই গোলের সঙ্গে সঙ্গেই একপ্রকার বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যায় মৌরিজিও সারির দলের। ৮৬ মিনিটে দুই ব্রাজিলিয়ানের যুগলবন্দিতে পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ হয় ব্লুজদের। উইলিয়ানের কর্নার থেকে লুইজের জোরালো হেডার ক্লিয়ার করতে গিয়ে ভল জালে জড়িয়ে দেন হাডার্সফিল্ডের এক ডিফেন্ডার।

আরও পড়ুন: বিশ্বের এক নম্বর ভারতের মন্ধানা

একইসঙ্গে পাঁচ গোলে জয়ের ফলে আর্সেনালকে টপকে লিগ টেবিলে প্রথম চারে উঠে এল চেলসি। এক ম্যাচ বেশি খেলে গানার্সদের থেকে তিন পয়েন্টে এগিয়ে রইল তারা।

The post পঞ্চবাণে প্রথম চারে চেলসি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2t0u6s6
via IFTTT

Comments