লিভারপুলকে হটিয়ে লিগ শীর্ষে ম্যান সিটি

লন্ডন: দুই অর্ধের অতিরিক্ত সময়ে দু’টি গোল। আর তাতেই মাসদুয়েক বাদে ফের প্রিমিয়র লিগের মগডালে ম্যাঞ্চেস্টার সিটি। গুয়ার্দিয়োলার দলের এই জয়কে কষ্টার্জিত বললেও ভুল বলা হবে না। তবে যোগ্য দল হিসেবেই বুধবার রাতে এভার্টনকে ২-০ গোলে হারিয়ে ফের লিগের মসনদ দখল করল স্কাই ব্লুজ ব্রিগেড।

ঘরের মাঠে উলভসের কাছে শোচনীয় হারের পর দ্বিতীয়স্থানে থাকা ম্যান সিটির সঙ্গে ভালোই শুরু করে এভার্টন। গুডিসন পার্কে এদিন প্রথমার্ধে রক্ষণ সংগঠিত রেখে প্রতি আক্রমণের পথে হাঁটে এভার্টন। অন্যদিকে বিপক্ষ ডিফেন্সে বারবার হানা দিয়েও ডেডলক খুলতে ব্যর্থ হচ্ছিলেন সেন-গুন্দোয়ানরা। দু-একটি ক্ষেত্রে দুরন্ত সেভে দলের পতন রোধ করেন এভার্টন দুর্গের শেষ প্রহরী পিকফোর্ড। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময় দাভিদ সিলভার মাপা ফ্রি-কিক থেকে ল্যাপোর্তের নিখুঁত হেডারের কোনও উত্তর ইংরেজ গোলরক্ষকের কাছে ছিল না। ল্যাপোর্তের গোলে এগিয়ে থেকে বিরতিতে ড্রেসিংরুমে যায় স্কাই ব্লুজরা।

ডেডলক ভেঙে দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে পেপ গুয়ার্দিয়োলার ছেলেরা। বল আরও বেশি নিজেদের দখলে রেখে আক্রমণে যায় সিটি। কিন্তু প্রথমার্ধের মতই এভার্টনের রক্ষণে পায়ের ভিড়ে তাদের সমস্ত আক্রমণ প্রতিহত হয়। পিকফোর্ডের প্রতিহত করা বলে আগুয়েরোর বাইসাইকেল কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বেশ কিছু বিক্ষিপ্ত সুযোগ তৈরি করলেও ডেডলক ভাঙতে ব্যর্থ হয় হোম টিম।

কিন্তু সিটির হয়ে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় ফের কাজের কাজ করে যান সুপার সাব গ্যাব্রিয়েল জেসুস। ডি ব্রুয়েনার ঠিকানা লেখা পাস থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের শট পিকফোর্ড প্রতিহত করলেও ফিরতি বল হেডারে জালে রাখেন জেসুস নিজেই।

২-০ গোলে ম্যাচ জিতে জুর্গেন ক্লপের লিভারপুলকে টপকে শীর্ষে চলে গেল ম্যান সিটি। এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্টে দাঁড়িয়ে থাকলেও গোলপার্থক্যে মগডালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

The post লিভারপুলকে হটিয়ে লিগ শীর্ষে ম্যান সিটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Gdwkgn
via IFTTT

Comments