প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড ক্যারিবিয়ানদের
অ্যান্টিগা: রেকর্ড মার্জিনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষেও ভাল জায়গায় ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে শেষ হয়েছিল ইংরেজদের ইনিংস। দ্বিতীয় টেস্টেও অব্যাহত ক্যারিবিয়ান পেসারদের দাপুটে পারফরম্যান্স। ঘরের মাঠে যা মনে করাচ্ছে অ্যামব্রোস-ওয়ালশদের। অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৭ রানের প্রত্যুত্তরে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২৭২। অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে গুরুত্বপূর্ণ ৮৫ রানে লিড ক্যারিবিয়ানদের।
স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন টপ উইকেট রীতিমত জুজু ব্যটসম্যানদের জন্য। ক্যাচ নষ্টের প্রদর্শনী না করলে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানের মধ্যে বেঁধে রাখতে পারত ইংল্যান্ডও। সফরকারী দলের তিন-তিনটি ক্যাচ মিস দ্বিতীয় টেস্টেও এগিয়ে দিতে সাহায্য করে ক্যারিবিয়ানদের। কোনও ব্যাটসম্যান অর্ধশতরানের গন্ডি না পেরোলেও প্রথম দুটি উইকেটে মূল্যবান পার্টনারশিপ ও দিনের শেষে চলতি সপ্তম উইকেটে অবিভক্ত ৫০ রানের জুটি ব্যাকফুটে ঠেলে দেয় ইংল্যান্ডকে।

১৮৭ রানের জবাবে ওপেনিং পার্টনারশিপে গুরুত্বপূর্ণ ৭০ রান তোলেন দুই ক্যারিবিয়ান ওপেনার। ৪৭ রানে ক্যাম্পবেল আউট হওয়ার পর হোপের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ করে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন ব্রেথওয়েট। এরপর ৪৪ রানে আউট হন হোপ, মাত্র ৪ রানে চেসকে সাজঘরে ফেরান ব্রড। প্রথম টেস্টে মাঠে বাইরে থাকা ব্রডই সবচেয়ে উজ্জ্বল ইংরেজ বোলিং বিভাগে। ব্রডের ৩ উইকেটের পাশাপাশি মূল্যবান দু’টি উইকেট গিয়েছে স্পিনার মইন আলির দখলে। ক্যাম্পবেলকে ফিরিয়ে দিনের প্রথম ঝটকাটা দিয়েছিলেন স্টোকস।

এর আগে দিনের শুরুতে একাধিকবার সুযোগ দিয়েও জীবন ফিরে পান ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পবেল। ইংরেজ বোলারদের হতাশা বাড়িয়ে মূল্যবান ৪৭ রান আসে তাঁর ব্যাট থেকে। এরপর দিনের শেষে ব্র্যাভো-হোল্ডারের অবিভক্ত ৫০ রানের পার্টনারশিপ হতাশা আরও বাড়িয়ে দেয় অ্যান্ডারসন-ব্রডদের। চার ঘন্টা ক্রিজে থেকে দিনের শেষে ৩৩ রানে অপরাজিত ব্র্যাভো। দিনের শেষে অধিনায়ক অপরাজিত রয়েছেন ১৯ রানে। তৃতীয়দিন লিডের অঙ্ক বাড়িয়ে নিয়ে হোল্ডার অ্যান্ড কোম্পানি সিরিজ জয়ের দিকে এগিয়ে যেতে পারে কিনা, এখন সেটাই দেখার।
The post প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড ক্যারিবিয়ানদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2S9ozi8
via IFTTT
Comments
Post a Comment