ঝাঁঝের ব্রিগেডে ‘ঝাঁঝহীন’ সিপিএম নেতৃত্বের চমক দেবলীনা
প্রসেনজিৎ চৌধুরী, কলকাতা: বামেরা বঙ্গে আগেও বিরোধী ছিল৷ তবে তখন নেতাদের ভাষণে উদ্বুদ্ধ হতেন দলীয় কর্মী-সমর্থকরা৷ হরেকষ্ণ কোঙার থেকে জ্যোতি বসু হয়ে সর্বশেষ মহম্মদ সেলিম৷ ঝাঁঝের সূচক বরাবরই তুঙ্গে থেকেছে ৷ রবিবারের মহানগরে বামফ্রন্টের ব্রিগেডে নেতারা কেমন যেন ঝাঁঝহীন৷ ভাষণ হয়েছে পর পর৷ তথ্যের ফুলঝুরিতে রাজ্য ও কেন্দ্রকে তুলোধোনা করেছেন প্রবীণ নেতারা৷ কিন্তু শেষ শীতের ধুলো ওড়া ব্রিগেডে বিপুল সমাবেশ (তেমনই দাবি সিপিএমের) শেষে প্রশ্ন উঠছে বঙ্গ বাম কি ঝাঁঝালো নেতৃত্ব হারিয়ে ফেলল?
ব্যতিক্রম একমাত্র তিনি৷ যাঁকে এতদিন কেউ ধর্তব্যেই আনেনি৷ বাঁকুড়ার রানিবাঁধের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম৷ তিনি প্রথমবার ব্রিগেডে ভাষণ দিলেন৷ বাঁকুড়া এবং রাঢ় বাংলার ভাষাকে স্থানীয়রা ‘টাঁড় ভাষা’ বলেন৷ উচ্চারণ বৈশিষ্ট আর কিছু স্থানীয় শব্দের বিচ্ছুরণে সেই টাঁড় ভাষায় মঞ্চ এবং ব্রিগেড কাঁপালেন দেবলীনা৷

কখনও সাঁওতালি তো কখনও বাংলায় তাঁর ভাষণে বারে বারে উদ্বেলিত হয়েছে সমাবেশ৷ মঞ্চে বিমান-সূর্য-সেলিম সহ বাকি নেতাদের মুখের হাসি ততই চওড়া হয়েছে৷ ঘনঘন জ্বলেছে ক্যামেরার ফ্ল্যাশ৷ সংবাদ মাধ্যমের ক্যামেরা তাক করেছে দেবলীনা হেমব্রমের বাচনভঙ্গী৷ সবমিলে তিনিই সেরা৷ বাঁকুড়া তথা জঙ্গল মহলের কিছু অংশে এই আদিবাসী সিপিএম নেত্রী জনপ্রিয়৷ তাঁর বাচনভঙ্গিতে আদিবাসী টানই নজর কাড়ল বামেদের মহা জমায়েতে৷
ব্রিগেড থেকে প্রথম আদিবাসী মহিলা নেত্রী হিসেবে ভাষণ দিয়ে নজির গড়লেন দেবলীনা হেমব্রম৷ ব্রিগেড থেকেই হুঙ্কার ছাড়েন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর ভাষণে নড়ে যায় জনতা৷ মমতার মতো সেরকম ক্যারিশ্মাটিক কিছু করেননি দেবলীনা৷ তবে বাম শক্তিকে চাগিয়ে তুলতে তিনি যেভাবে পরপর সরকারকে বিদ্ধ করেছেন তা লক্ষনীয়৷

সর্বভারতীয় বাম বক্তা তথা সিপিআই নেতা কানহাইয়া কুমার আসেননি৷ অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকেও যেন ছিলেন না৷ ফলে উপস্থিত বাম সমর্থকরা খানিকটা মুষড়ে পড়েন৷ সেইখানেই আদিবাসী নেত্রী দেবলীনা নজর কাড়লেন৷
বাম জমানার মন্ত্রী রেখা গোস্বামী ব্রিগেডে ভাষণ দিয়েছিলেন৷ ভরা বাম রাজত্বে সেই ভাষণ কতটা দাগ কেটেছিল তাতে প্রশ্ন থাকবে৷ কিন্তু বিরোধী বামেদের ব্রিগেড থেকে দেবলীনা হেমব্রমের তীক্ষ্ণ ভাষণই বাকি নেতাদের ঝাঁঝহীন শব্দভাণ্ডারকে ম্লান করেছে৷ সম্ভবত বামেদের এই ব্রিগেড থেকেই অন্য রূপে নেত্রী দেবলীনার জন্ম হয়ে গেল৷

The post ঝাঁঝের ব্রিগেডে ‘ঝাঁঝহীন’ সিপিএম নেতৃত্বের চমক দেবলীনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2HPDmcL
via IFTTT
Comments
Post a Comment