মুকুলের নির্দেশেই টার্গেট রাজীব কুমার? অডিও টেপ ঘিরে বাড়ছে জল্পনা

কলকাতা: মাস কয়েক আগে প্রকাশ্যে এসেছিল একটি অডিও টেপ। যেখানে ফাঁস হয়ে গিয়েছিল মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীর কথোপকথন। সেখানে মুকুলের মুখে শোনা গিয়েছিল আইপিএস অফিসারের কথা। সম্প্রতি রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেওয়ার ঘটনায় সেই অডিও টেপ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

ওই অডিও টেপে মূলত ঠাকুরনগরের ঠাকুর পরিবারকে ঘিরেই কথাবার্তা হয়েছিল দুই নেতার। কিন্তু সেই অডিও টেপেই মুকুলকে বলতে শোনা গিয়েছিল, ‘‌সিবিআইকে দিয়ে চারজন আইপিএসের বিরুদ্ধে কিছু করাতে হবে। কারও ওপর যদি নজর দেওয়া হয়, তাহলে আইপিএসরা ভয় পেয়ে যাবে।’‌

যদিও সম্প্রচারিত তথ্য আদৌ ওই দুই ব্যক্তির কিনা সে বিষয়টি অবশ্য তদন্তসাপেক্ষ। তবে, টেপটিতে শোনা যাচ্ছে মুকুল রায় কৈলাস বিজয়বর্গীকে বলছেন, ‘‌ইনকামট্যাক্সে একজন অ্যাডিশনাল ডাইরেক্টর ঢোকাতে হবে। ডাইরেক্টর ইনভেস্টিগেশন ও অ্যাডিশনাল ডাইরেক্টর হিসেবে দু’জনের নাম আমার কাছে আছে। তাদের নাম আমি দিচ্ছি।’

সংবাদমাধ্যমের ব্যাখ্যা, সম্প্রতি আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই যে তৎপরতা দেখিয়েছে, সে ব্যাপারে সিবিআইকে কাজে লাগানোর বিষয়টি নাকি স্পষ্ট হয়ে যাচ্ছে।

গত বছরই সারদা মামলা নিয়ে রাজ্য সরকার গঠিত সিটের শীর্ষকর্তা ও বিধাননগর কমিশনারেটের তৎকালীন কমিশনার রাজীব কুমারকে নোটিশ দিয়েছিল সিবিআই। তাঁকে বেশ কয়েকবার নোটিস দিয়ে ডাকাও হয়েছিল।

যে দুজনের নাম অডিও টেপের সূত্র ধরে ওই টিভি চ্যানেল সম্প্রচার করেছে, তা যদি যথার্থ হয়, সেক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, সিবিআইকে ব্যবহার করার প্রক্রিয়া বহুদিন আগেই কৌশলে শুরু করা হয়েছিল।

The post মুকুলের নির্দেশেই টার্গেট রাজীব কুমার? অডিও টেপ ঘিরে বাড়ছে জল্পনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ShFU8w
via IFTTT

Comments