মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় ঘনিয়ে এসেছে: বিস্ফোরক যোগী

বালুরঘাট-কলকাতাঃ  মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় ঘনিয়ে এসেছে। এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নিয়ে সকাল থেকে শুরু হয় জোর রাজনৈতিক চর্চা। যদিও শেষমেশ বালুঘাটে মুখ্যমন্ত্রীর চপার নামার কোনও অনুমতি দেওয়া হয় না। অনুমতি না মেলায় আজ রবিবার সরাসরি বিজেপির গণতন্ত্র বাঁচাও সমাবেশে ভাষণ দিতে পারেননি যোগী আদিত্যনাথ। ফলে বাংলায় তাঁর দুটি সভাই বাতিল করতে হয়। কিন্তু সভা বাতিল করা হলেও নাছোরবান্দা বিজেপি। অডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দেন তিনি।

ভাষণের শুরুতেই চপার নামতে না দেওয়া নিয়ে মমতা প্রশাসনকে আক্রমণ করেন যোগী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিন ঘনিয়ে এসেছে। শুধু তাই নয়, মমতার তৃণমূল সরকারকে ‘জনবিরোধী’ও আখ্যা দেন। ১৯ জানুয়ারি ব্রিগেড ময়দানে তৃণমূলের ডাকা বিরোধী দলগুলির সমাবেশে যেসব নেতা হাজির হয়েছিলেন, তাঁদের উদ্দেশ্যে আদিত্যনাথ বলেন, তাঁরা ভেবে দেখুন, রাজ্য সরকারের শাসনে যেভাবে গণতান্ত্রিক অধিকারের ওপর দমনপীড়ন চলছে, তারপর কী করে তাঁর পাশে থাকেন তাঁরা।

অন্যদিকে চপার নামতে না দেওয়া নিয়েও চালাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন যোগী। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার আপনাদের কাছে আসার অনুমতি দিল না আমায়। সেজন্যই ভাষণ দিতে মোদিজির ডিজিটাল ইন্ডিয়ার শরণাপন্ন হলাম। এই টিএমসি সরকার জনবিরোধী, গণতন্ত্রবিরোধী, জাতীয় সুরক্ষার প্রশ্নেও আপস করেছে।

তিনি দাবি করেন যে, বিজেপিকে ভয় পায় টিএমসি সরকার কেননা ওরা ভাল করে জানে, ওদের দিন ঘনিয়ে এসেছে। মমতার সরকার তোষণের রাজনীতির স্বার্থে রাজ্যে দুর্গাপূজায় বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। দলীয় কর্মীদের রাজ্যে বিজেপির সরকার গঠন সুনিশ্চিত করতে কঠিন লড়াইয়ের ডাক দেন আদিত্যনাথ।

The post মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় ঘনিয়ে এসেছে: বিস্ফোরক যোগী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Bjmtlg
via IFTTT

Comments