দেবের সিনেমায় রাজীব কুমার

কলকাতা: অভিনেতা দেবের সিনেমায় এবার দেখা যাবে রাজীব কুমারকে। তবে কলকাতার পুলিশ কমিশনার সরাসরি সিনেমায় অভিনয় করছেন না। তাঁর চরিত্রের নাম ছবিতে থাকছে রাকেশ কুমার। যিনি একসময় কলকাতা পুলিশের এসটিএফের প্রধান ছিলেন।

আসলে সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীর লেখা ‘অপারেশন কেবিসি’ বইয়ের ঘটনা সিনেমার পর্দায় আনার পরিকল্পনা নিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। রবিবারই কলকাতা বইমেলায় জঙ্গলমহলের উত্তাল সময়কে বড় পর্দায় নিয়ে আসার কথা ঘোষণা করেন তিনি। ছবিটি পরিচালনা করবেন অনিকেত চট্টোপাধ্যায়। বইটি উন্মোচন করার পর দেব জানান, এই বইয়ের ঘটনাগুলি তিনি প্রথম জানতে পারেন পরিচালকের কাছ থেকেই।

কি রয়েছে এই বইয়ে? লেখক, সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী জানান, ‘প্রায় ১২ বছর আগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তৈরি হয়। তারপর বেশ কয়েকটি দুঃসাহসিক অভিযান করে এসটিএফ। যার মধ্যে রয়েছে লস্কর-ই-তইবা জঙ্গিকে গ্রেফতার করা ছাড়াও একটি জাল নোট চক্রকে জালে পুরে ফেলার ঘটনা। ২০০৯ সালে জঙ্গলমহলে মাওবাদী আন্দোলন যখন তুঙ্গে তখন এসটিএফ সেখানে একটি গোপন অপারেশন চালায়, যার নাম ছিল ‘অপারেশন কেবিসি’। বইয়ের ঘটনা সেই অপারেশনকে ভিত্তি করেই।’

বইয়ের সূত্র ধরেই জানা যাচ্ছে, প্রতিটি অপারেশনে তৎকালীন এসটিএফ প্রধানের ক্ষুরধার বুদ্ধি কাজ করেছে। ফলে এই সিনেমায় রাজীব কুমারের চরিত্র অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এরই পাশাপাশি এই সিনেমায় উঠে আসবে মাওবাদী নেতা কিষেণজি এবং বিকাশের নানা কাজকর্ম। দেবের বক্তব্য, এখন স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। অন্যদিকে ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় জানান, অনির্বাণ নামে এক সাংবাদিক কীভাবে একজন পুলিশ অফিসার হয়ে এই অপারেশনে যুক্ত হলেন, দেখানো হবে তাও।

মাওবাদী আন্দোলন নিয়ে টলিউডে সেভাবে কোনও সিনেমা তৈরি হয়নি। তার চেয়েও বড় কথা, কোনও সাংবাদিকের লেখার উপর ভিত্তি করে বলিউডে ছবি হলেও বাংলাতে এধরণের উদ্যোগ তেমন ভাবে নেওয়া হয়নি।

The post দেবের সিনেমায় রাজীব কুমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RFo3D5
via IFTTT

Comments