সাম্প্রদায়িকতার তাস খেলি না! বিস্ফোরক অভিষেক

স্টাফ রিপোর্টার, কলকাতা: ইতিমধ্যেই মহেশতলা উপনির্বাচনে জয়ের পথে তৃণমূল প্রার্থী তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস৷ স্বভাবতই গণনা কেন্দ্রে গিয়ে বিরোধীদের প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

অভিষেকের কথায়, ‘‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখেছেন বলেই এই সাফল্য৷’’ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা৷ এই প্রসঙ্গে তৃণমূলের যুবরাজের কটাক্ষ, ‘‘নাচতে না জানলে উঠোনের দোষ৷ বিরোধীদের হালটা এমনই৷ আসলে ওরা জন বিচ্ছিন্ন৷’

নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘আমরা সারা বছর মানুষের পাশে থাকি৷ মানুষের হয়ে কাজ করি৷ ওদের মতো আমরা সাম্প্রদায়িকতার তাস খেলি না৷’’ মহেশতলা উপনির্বাচনে এবারে প্রায় ৭২শতাংশ ভোট পড়েছিল৷ অভিষেকের কথায়, ‘‘উপ নির্বাচনে এমনিতেই ভোট দেওয়ার হার কম থাকে৷ তা স্বত্বেও যেভাবে বিপুল সংখ্যক মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন, তাতে স্পষ্ট বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই রয়েছেন৷’’

এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ মহেশতলা উপ নির্বাচনের গণনা কেন্দ্রে পৌঁছন অভিষেক৷ দলের যুবরাজ সেখানে পৌঁছাতেই কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ উন্মাদনা তৈরি হয়৷ ততক্ষণে ১৭ রাউন্ড শেষে ঘোষণা হয়ে গিয়েছে যে তৃণমূল প্রার্থী প্রায় ৫৫ হাজার ভোটে এগিয়ে৷ স্বভাবতই, শুরু হয়ে গিয়েছে আবির খেলা৷ তবে জয় সুনিশ্চিত হলেও কর্মীদের সংযত থাকার নির্দেশ দেন অভিষেক৷

The post সাম্প্রদায়িকতার তাস খেলি না! বিস্ফোরক অভিষেক appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2slgAzx
via IFTTT

Comments